নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে বুধবার পথে নামল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন পুরুলিয়া শহরে একটি মিছিল হয়। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তাতে অংশ নেন জেলা সভাপতি রাজীবলোচন সোরেন, প্রাক্তন সভাপতি সৌমেন বেলথরিয়া, রাজ্য মহিলা তৃণমূলের সহ সভাপতি সুমিতা সিং মল্ল, মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক সুশান্ত মাহাত প্রমুখ। বৃষ্টিতে ভিজেই এদিন মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের। এদিন পুরুলিয়া শহরের জুবলি ময়দান থেকে মিছিল শুরু হয়। পোস্টঅফিস মোড় হয়ে ডাকবাংলো, সেখান থেকে ট্যাক্সিস্ট্যান্ডে এসে মিছিল শেষ হয়। মিছিলের পর একটি সভা করে তৃণমূল নেতৃত্ব। সেখানে ভিন রাজ্যে বাঙালিদের নির্যাতনের বিরুদ্ধে নেতারা গর্জে ওঠেন। সম্প্রতি ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। তারই বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ করতে দেখা যায় নেতা ও মন্ত্রীদের। -নিজস্ব চিত্র



