নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আট বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল হাওড়ার জগদীশপুর এলাকার তৃণমূল নেতার ভাইকে। অভিযুক্তের নাম মইদুল হাজরা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী গৃহশিক্ষিকা। তাঁর কাছেই পড়তে আসত ওই নাবালিকা। অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় যখন ওই নাবালিকা পড়তে আসে, তখন অভিযুক্তের স্ত্রী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে মইদুল নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এরপর নাবালিকা বাড়ি ফিরে পরিবারকে সবটা জানায়। রাতেই অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। জগদীশপুর ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে গিয়ে মইদুলকে গ্রেপ্তার করে লিলুয়া থানায় নিয়ে আসে। ধৃতকে এদিন হাওড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু হয়েছে।



