Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে চরম সঙ্কটে আমজনতা আন্দোলনে নামছে তৃণমূল

রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে চরম সঙ্কটে  আমজনতা আন্দোলনে নামছে তৃণমূল
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব, প্রতিনিধি, সিউড়ি: রাতারাতি বাড়ল রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে গ্যাসের দাম সিলিন্ডারপিছু ৫০ টাকা করে বেড়েছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছেন আমজনতা। কীভাবে মিলবে পরিত্রাণ, সেই উত্তরের খোঁজে সকলেই। অন্যদিকে, কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধিতার সুর চড়িয়েছে। শাসক দলের নেতাদের দাবি, কেন্দ্র জনবিরোধী। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার জনমত গড়ে তুলতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজপথে নামতে চলেছেন। যদিও জেলা বিজেপির নেতারা তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁদের কথায়, অতীতে গ্যাস সিলিন্ডার পিছু দাম কমার রেকর্ড রয়েছে। ফলত চিন্তার কিছু নেই। তবে আমজনতা অবশ্য স্বস্তি চাইছেন। সিউড়ির বাসিন্দা মহুয়া দাস বলেন, গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়তে হচ্ছে। আসলে বর্তমান সময়ে মধ্যবিত্তরাই সবক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। সবকিছুতেই মধ্যবিত্তকে খেসারত দিচ্ছে হচ্ছে। 

Advertisement

গত সোমবার কেন্দ্র সরকার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা করে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত অনুসারে বর্তমানে বীরভূম জেলার গ্যাস সিলিন্ডারপিছু দাম হল ৯০২ টাকা। এতদিন ৮৫২ টাকা খরচেই সিলিন্ডার পেত মধ্যবিত্ত পরিবারগুলি। এবার থেকে বাড়তি টাকা গুনতে হবে সকলকে। কেন্দ্রীয় ঘোষণার জেরে উজ্জ্বলা যোজনার আওতাধীন উপভোক্তাদের অস্বস্তি বাড়ল। কারণ, কেন্দ্রের নয়া ঘোষণা অনুসারে বাড়তি ৫০ টাকা খরচ করে তাঁদের সিলিন্ডার সংগ্র‍হ করতে হবে। ফলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দিশাহারা সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ত্রাতা হিসেবে আমজনতার পাশে দাঁড়াতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করে আগামীতে জেলাজুড়ে প্রতিবাদ মিছিলে পথ হাঁটবেন জেলার নেতারা। দিনক্ষণ ঠিক না হলেও দ্রুত দলের তরফে প্রতিবাদ কর্মসূচির রূপরেখা সহ দিনক্ষণ স্পষ্ট করা হবে বলেই জানা গিয়েছে। 
জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, এই সরকার জনবিরোধী। এই সরকার যেদিন থেকে দিল্লিতে ক্ষমতায় বসেছে, সেদিন থেকেই জনবিরোধী কাজ করে চলেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা ভাবে না। আগামীতে ভোট বাক্সে মানুষ তার জবাব দেবে। তবে আমরা গণ আন্দোলনে শামিল হব। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলব। যদিও বিজেপি নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে খুব একটা চিন্তিত নন। জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, আন্তর্জাতিক বাজারের উপর রান্নার গ্যাসের দাম ওঠানামা করে। এর আগে গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই কমেছিল। এখন কিছুটা দাম বেড়েছে। আবারও দাম কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ