Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিকদের বিজেপি বিরোধী ক্ষোভকে কাজে লাগিয়ে বাগানে তেড়েফুঁড়ে নামছে তৃণমূল

শ্রমিকদের বিজেপি বিরোধী ক্ষোভকে কাজে লাগিয়ে বাগানে তেড়েফুঁড়ে নামছে তৃণমূল
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শ্রমিকদের বিজেপি বিরোধী ক্ষোভকে কাজে লাগিয়ে চা বলয়ে তেড়েফুঁড়ে নামতে চলেছে তৃণমূল। চা বাগান ঘেরা আলিপুরদুয়ার জেলার জন্য মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কী দিয়েছেন, তা তুলে ধরতে ছাপা হচ্ছে লিফলেট। বাংলা ও হিন্দি দু’টি ভাষাতেই ওই লিফলেট ছাপানো হচ্ছে। 

Advertisement

চলতি সপ্তাহ থেকেই ওই লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা দলের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। তিনি বলেন, জেলাস্তরে আমাদের বৈঠক হয়ে গিয়েছে। লিফলেট ছাপতে দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে তা হাতে পেয়ে যাব। এরপরই ওই লিফলেট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সের চা বলয় তথা আলিপুরদুয়ার জেলার জন্য এখনও পর্যন্ত কী দিয়েছেন, তা তুলে ধরা হচ্ছে ওই লিফলেটে। একইসঙ্গে কেন্দ্রের কাছ থেকে ডুয়ার্সবাসী কী পেয়েছেন, সেই প্রশ্নও রাখা হবে বাসিন্দাদের কাছে।
লিফলেটে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারের সঙ্গেই চা বাগানের সংগঠনকে আরও শক্তিশালী করতে ট্রেড ইউনিয়ন ক্লাস শুরু করতে চলেছে রাজ্যের শাসকদল। চলতি মাস থেকেই ওই ক্লাস শুরু হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার। তিনি বলেন, চা বাগানের বাস্তব পরিস্থিতি কী, রাজ্য সরকার বাগানের জন্য কী করছে, শ্রমিকদের উন্নয়নে মুখ্যমন্ত্রী কীভাবে পাশে দাঁড়িয়েছেন, সবটাই তুলে ধরা হবে ট্রেড ইউনিয়ন ক্লাসে। পাশাপাশি বাগানের নেতৃত্বের কাছ থেকেও আমরা শুনব। কোথাও কোনও সমস্যা থাকলে তা সমাধান করা হবে। গত ২৯ মে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা করে গেলেও চা শ্রমিকদের উন্নয়নে একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী। এনিয়ে চা বলয়ের মানুষের মধ্যে ক্ষোভ জমা হয়েছে। সেই ক্ষোভকে কাজে লাগাতেই তৃণমূলের এই কর্মসূচি।
যদিও রাজ্যের শাসকদলের কর্মসূচিকে বিঁধতে ছাড়েনি পদ্মপার্টি। বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বলেন, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তারা এখন দিশা পাচ্ছে না। তাই বাড়ি বাড়ি লিফলেট বিলির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এসবে কিছু হবে না। ডুয়ার্সের মানুষ বিজেপির সঙ্গেই আছে। মনোজের তোপ, কেন্দ্রের প্রকল্পের নাম বদলে চালাচ্ছে রাজ্য। সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে।
তবে বিজেপি সাংসদ মুখে যাই বলুন না কেন, ডুয়ার্সে চা বাগানের সংগঠন যে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে তা মানছেন গেরুয়া শিবিরের নেতারা। ফলে দলের তরফে বিজেপির প্রত্যেক জনপ্রতিনিধিকে নিয়মিত চা বাগানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, আমি নিজে চা বাগানে যাচ্ছি। দলের অন্যরাও যাচ্ছেন। চা শ্রমিকদের বোঝানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ