সংবাদদাতা, রামপুরহাট: ঈদ মানে আনন্দ। কারও কাছে ঈদ মানে লাখ টাকার শপিং। আবার কারও কাছে ঈদের দিনটিও অন্যান্য দিনের মতোই। কারণ, অভাব। সেজন্য ঈদের খুশিতে অসহায়, দরিদ্র মানুষগুলির মুখে হাসি ফোটাতে উদ্যোগ নেয় রামপুরহাট শহরের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার আটশোরও বেশি গরিব দুঃস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই উপলক্ষ্যে ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত প্রমুখ। স্থানীয় তৃণমূল নেতা আরশাদ হোসেন বলেন, আমরা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। ঈদ উপলক্ষ্যে ওই এলাকা আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। এলাকার যুবকদের উদ্যোগে আগামী, মঙ্গলবার রাতে বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।



