সংবাদদাতা, ঘাটাল: বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে। তার প্রতিবাদে রবিবার ঘাটালে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল হয়। এই মিছিল ছিল বীরভূমের নানুরে শহিদ হওয়া তৃণমূল কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের কর্মসূচি বলে তৃণমূলের দাবি।
ওইদিন ঘাটালের কুশপাতা এলাকায় ব্লক তৃণমূল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল ঘাটাল শহরের হাসপাতাল মোড় ও কলেজ মোড় হয়ে এগিয়ে যায়। মিছিল শেষে কলেজ মোড়ে একটি পথসভাও হয়। সেখানে বক্তব্য রাখেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন, বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। বিজেপি শাসিত রাজ্যে বাংলাকে হেয় করা মানে গোটা বাংলাকে অপমান করা। আমরা এই অপমানের জবাব রাস্তায় নেমেই দেব। বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের উপর কোনও আঘাত এলে তৃণমূল কংগ্রেস তা বরদাস্ত করবে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পকে জনমুখী, দ্রুত এবং কার্যকরী প্রশাসনিক পদক্ষেপ বলে অভিহিত করেন নেতারা। মিছিল ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। তৃণমূলের ঘাটাল শহর সভাপতি অরুণকুমার মণ্ডল বলেন, এই প্রকল্পে মানুষের দুয়ারে গিয়ে সমাধান এনে দিচ্ছে প্রশাসন।-নিজস্ব চিত্র