সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রঘুনাথপুর শহরের একটি বেসরকারি লজে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের(বিএলএ) নিয়ে বৈঠক হল। এদিন রঘুনাথপুর-১ ও ২ ব্লক ও রঘুনাথপুর শহরের বিএলএদের নিয়ে বৈঠক হয়েছে। বিএলএদের পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি, রঘুনাথপুর-১ ব্লকের সহ-সভাপতি প্রকাশ সিংদেও সেখানে উপস্থিত ছিলেন। তবে শাসকদলেরই একাংশ এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছে। তাঁদের অভিযোগ, বর্তমানে নেতৃত্ব জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই গত লোকসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে। এদিন ২৭৬টি বুথের বিএলএদের বৈঠকে ডাকা হয়েছিল। কর্মীদের অভিযোগ, সেখানে প্রায় ২৫শতাংশ বিএলএ অনুপস্থিত ছিলেন। বর্তমানে দলের অবস্থা এত খারাপ হয়েছে যে, কর্মীদের সরাসরি না বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বৈঠকে আসতে বলা হয়েছে। তৃণমূলের জেলা সম্পাদক স্বপন মাহাথা বলেন, পদ পাওয়ার পরেই নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব ফলাফল হওয়ার পর দায়িত্বে থাকা নেতৃত্বের একাংশের অহংকার বেড়ে গিয়েছে। যার ফলাফল লোকসভা ভোটে মিলেছে। সময় থাকতে নেতৃত্ব সজাগ না হলে আগামী বিধানসভা নির্বাচনে ২০১৮সালের পঞ্চায়েত ভোটের মতো ভরাডুবি অবস্থা দেখতে হবে। তৃণমূলের জেলা সভাপতি বলেন, এদিন শুধুমাত্র বিএলএ’র দায়িত্ব থাকা কর্মীদের বৈঠকে ডাকা হয়েছিল। তবু কয়েকজন নেতৃত্ব বৈঠকে এসেছিলেন। কর্মীরা সবসময় মানুষের পাশে, মানুষের সঙ্গে রয়েছেন।



