নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গত লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকা বুথগুলিতে ভোট বাড়াতে হবে। আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে বড়জোড়ায় প্রস্তুতি বৈঠকে কর্মীদের এমনই নির্দেশ দিল তৃণমূল নেতৃত্ব। রবিবার দুপুরে বড়জোড়ার একটি সভাঘরে ওই বৈঠকের আয়োজন করা হয়। বড়জোড়া বিধানসভার সিংহভাগ বুথে কীভাবে লিড পাওয়া যায়, সেব্যাপারে এদিন আলোচনা হয়। সেখানে রাজ্য তৃণমূলের সম্পাদক তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অলোকবাবু বলেন, বিধানসভা নির্বাচনে বড়জোড়ায় আমরা এখন থেকেই জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছি। তার প্রস্তুতিতে এদিন বড়জোড়ায় বৈঠক হয়। বিকেল পর্যন্ত বৈঠক চলে। বড়জোড়া বিধানসভার অন্তর্গত গঙ্গাজলঘাটি ব্লকেও এদিন একই ধরনের প্রস্তুতি বৈঠক হয়েছে। আমরা একজোট হয়ে আগামী একবছর বিরোধীদের বিরুদ্ধে লড়াই করব।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে ছিল এমন বুথগুলির তালিকা তৈরি করা হয়েছে। সেখানে কীভাবে লিড পাওয়া যায়, সেব্যাপারে অঞ্চল ও বুথস্তরের নেতাকর্মীদের সঙ্গে শাসক দলের নেতৃত্ব আলোচনা করছে। পাশাপাশি কম লিড রয়েছে, এমন বুথগুলিকেও চিহ্নিত করা হয়েছে। ওইসব বুথে কীভাবে লিড বাড়ানো যায়, সেব্যাপারে ঘুঁটি সাজানো হচ্ছে।
উল্লেখ্য, একুশের নির্বাচনে বড়জোড়া বিধানসভা তৃণমূল দখল করে। কিন্তু, লোকসভা নির্বাচনে ১১ হাজার ভোটে সেখানে শাসক দল পিছিয়ে পড়ে। এবার যাতে ওই ঘাটতি পূরণ করে দলীয় প্রার্থী লিড পায়, তার চেষ্টা শাসক দলের নেতাকর্মীরা করছেন। বড়জোড়ার এক তৃণমূল নেতা বলেন, ভোটের ঘাটতি পূরণ করার জন্য এখন থেকেই নিবিড়ভাবে প্রস্তুতি নিতে হবে। তারজন্য বুথ ভিত্তিক পর্যালোচনা প্রয়োজন। বর্তমানে কোন গ্রামে আমাদের দলের কী সাংগঠনিক অবস্থা রয়েছে, তা খতিয়ে দেখে সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে হবে। -নিজস্ব চিত্র