নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে মিছিল করে তৃণমূল। রবিবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে তৃণমূলের মিছিল ও সভা হয়। এদিন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ওই কর্মসূচি আয়োজন করা হয়। তবে সেখানে তৃণমূলের দলীয় পতাকা ব্যবহার করা হয়নি। তৃণমূল নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটেন। এদিনের কর্মসূচিতে তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ প্রমুখ অংশ নেন। ব্লক সভাপতি বলেন, দেশের সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। সেনাবাহিনীকে সম্মান জানাতে এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বেলিয়াতোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। তা এলাকা পরিক্রমার পর ডাকবাংলা মোড়ে শেষ হয়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এদিনের কর্মসূচিতে দলের লোকজনের পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সদস্যরাও অংশ নেন। মিছিলে মনীষীদের পাশাপাশি ভারতমাতার প্রতিকৃতি নিয়েও মহিলারা হেঁটেছেন। এদিন বিকেলে আরামবাগ মহকুমাজুড়ে মিছিল করে তৃণমূল। যদিও মিছিলে দলীয় কোনও পতাকা, ব্যানার ব্যবহার করা হয়নি। আরামবাগ শহরের মিছিলে ছিলেন সাংসদ মিতালি বাগ, রাজ্য সম্পাদক স্বপন নন্দী, শহর সভাপতি প্রদীপ সিংহ রায় প্রমুখ। মিছিলে দেশের জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্রাক্তন সেনা কর্মীদেরও অনেকে ছিলেন। মিছিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি শহিদ সেনাদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাও জানানো হয়। এদিন গোঘাট, খানাকুল, পুরশুড়াতেও মিছিল করে তৃণমূল। সেখানেও দেশের সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। খানাকুলে আবার বিজেপির তরফে জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়।



