সংবাদদাতা, বোলপুর: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বোলপুরে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকালে মহামিছিল উপলক্ষ্যে বোলপুর শহর সহ লাভপুর ও নানুর থেকে হাজার হাজার কর্মী-সমর্থক বোলপুরের জেলা পরিষদ সংলগ্ন স্টেডিয়াম মাঠে জমায়েত হন। এরপর বিকাল সাড়ে ৪টেয় মিছিল শুরু হয়। পুরোভাগে ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল। এছাড়াও ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ। স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় বোলপুরের চৌরাস্তায়। সেখানেও মহকুমা তৃণমূল নেতৃত্বে তরফে একটি জনসভা করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষের অংশগ্রহণ ঘাসফুল শিবিরকে অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।
রবিবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে রামপুরহাটে দারুণভাবে সফল হয়েছিল মহামিছিল। সোমবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা ও বৃষ্টির ভ্রুকুটি ছিল। দুপুরের দিকে প্রবল বৃষ্টি হয়। তবে বিকালে আবহাওয়া স্বাভাবিক হতেই মহকুমার বিভিন্ন প্রান্তের হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক সমবেত হন। ডাকবাংলো মাঠ থেকে মূল মিছিল শুরু হয়। তবে এদিনও অনুব্রত মণ্ডল ও কাজল শেখ দু’টি আলাদা গাড়িতে ছিলেন। অনুব্রতবাবুর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অন্যদিকে কাজল শেখের গাড়িতে ছিলেন সাংসদ অসিত মাল ও নানুরের বিধায়ক বিধান মাজি।
মিছিল শেষে বোলপুরের চৌরাস্তায় সভা অনুষ্ঠিত হয়। সেখানে মঞ্চে না উঠে গাড়ি থেকেই বক্তব্য রাখেন অনুব্রতবাবু। মহামিছিল সফল করার জন্য কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা তৃণমূলের সৈনিক। আমিও তৃণমূলের সৈনিক। আপনারা যেভাবে মহামিছিল সফল করেছেন তাতে আমি খুব খুশি।