Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়বেতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় দখল করে বোর্ড গড়ল তৃণমূল

গড়বেতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় দখল করে বোর্ড গড়ল তৃণমূল
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: গড়বেতা-৩ ব্লকের সাতবাঁকুড়া পঞ্চায়েতের নেপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর বোর্ড গঠন করল তৃণমূল। এই নির্বাচনে বিরোধী শিবির মনোনয়নপত্র দিতে পারেনি। সমিতির জয়ে খুশি তৃণমূল নেতৃত্ব। এই সমবায়ে ন’টি আসন রয়েছে। প্রতিটি আসনে লড়াইয়ের জন্য তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই কৃষি সমবায় সমিতির সঙ্গে একহাজার মানুষ যুক্ত। সারাবছর এই সমিতি চাষিদের পাশে দাঁড়ায়। এখান থেকে ঋণ নিয়ে অনেক চাষি উপকৃত হয়েছে।

Advertisement

জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, নতুন বোর্ডের সদস্যদের অভিনন্দন জানাই। আসলে বিরোধীদের কোনও সংগঠন নেই। তাই একটা নির্বাচনে অংশটুকুও নিতে পারছে না। যা ওদের পক্ষে খুবই লজ্জার বিষয়।
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস অবশ্য বলেন, তৃণমূলের আমলে ভোট হয় না। মানুষকে ভয় দেখিয়ে সমবায় সমিতি দখল করে ওরা। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে।
সমবায় সমিতির ডিরেক্টর হরনাথ হাজরা বলেন, নতুন বোর্ড নানা উন্নয়নমূলক কাজ করবে। চাষিদের পাশে থাকাই আমাদের মূল কাজ। নতুন বছর শুরুর আগে থেকেই এই সমবায় সমিতির নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছিল। নির্দেশিকা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র তোলার দিন ছিল। সেদিন বিরোধীদের কেউ মনোনয়নপত্র তোলেনি। ২৭ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়া, ২৮ফেব্রুয়ারি স্ক্রুটিনি ও ১মার্চ মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল। তবে বিরোধীরা নির্বাচনে অংশ না নেওয়ায় ১২মার্চ নির্বাচন আর হয়নি। তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। ৪এপ্রিল সমবায় সমিতির বোর্ড গঠিত হয়।১৯৬২ সাল নাগাদ এই সমবায় সমিতি গঠিত হয়েছিল। শুরুর দিকে সমিতির অফিসঘর ছিল না। পরে তা তৈরি হয়। ২০১৩ সালের পর থেকে এই সমিতির পরিস্থিতি বদলাতে শুরু করে। এখন সমবায় সমিতির তরফে কৃষিঋণ দেওয়া হয়। এতে ৫০০জন উপভোক্তা উপকৃত হচ্ছেন। সমিতির তরফে ধান কেনার ফলেও চাষিরা উপকৃত হন। রবি ও খরিফ মরশুমে সমিতির তরফে চাষিদের বিনামূল্যে শস্যবিমা করানো হয়। সমিতির আধিকারিকরা জানান, পরবর্তী সময়ে এই সমিতিতে ধান কাটার যন্ত্র কেনা হবে। 
সমিতির তরফে সার কেনাবেচার পরিকল্পনাও রয়েছে। প্রথমদিকে এই সমবায় সমিতির উপভোক্তার সংখ্যা ছিল নামমাত্র। কিন্তু এখন সমিতিতে প্রায় একহাজার উপভোক্তা রয়েছে। ওই এলাকার ন’টি মৌজার আলুচাষিরা সমবায় সমিতির মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব ঘোষ বলেন, মানুষ যে উন্নয়নের সঙ্গে আছে, তা ফের প্রমাণিত হল। মানুষ বিজেপি ও সিপিএমকে পছন্দ করছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ