Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলের ধর্মতলার শহিদ সমাবেশের প্রস্তুতি সভা তমলুকের নিমতৌড়িতে

তৃণমূলের ধর্মতলার শহিদ সমাবেশের প্রস্তুতি সভা তমলুকের নিমতৌড়িতে
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূলের এসসি, ওবিসি সেলের উদ্যোগে ধর্মতলায় শহিদ সমাবেশের প্রস্তুতি সভা হল। নিমতৌড়ি স্মৃতিসৌধে ওই সভায় জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ-সভাধিপতি সুহাসিনী কর, বিধায়ক সুকুমার দে, শাসকদলের শহর সভাপতি চঞ্চল খাঁড়া, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, সংগঠনের জেলা সভানেত্রী তৃপ্তি বর্মন খাঁড়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। শাসকদলের তমলুক সাংগঠনিক জেলার সমস্ত ব্লক ও শহর থেকে নেতাকর্মীরা সভায় যোগ দেন। জয়হিন্দ বাহিনী, শাসকদলের যুব, সংখ্যালঘু, খেতমজুর, শিক্ষক সংগঠনের জেলা সভাপতিরাও সভায় যোগ দেন।

Advertisement

গতবছরের মতো এবারও জেলা এসসি, ওবিসি সেলের উদ্যোগে তৃণমূল কর্মীদের ধর্মতলায় নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা থাকবে। এবার ধর্মতলায় শহিদ সমাবেশ কেন গুরুত্বপূর্ণ-তা নিয়ে সভায় তৃণমূল নেতারা সভায় বক্তৃতা দেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন- সেটা প্রত্যেক কর্মীর কাছে গুরুত্বপূর্ণ বলে তৃপ্তিদেবী জানান।
সভায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান বলেন, এবার ধর্মতলায় ২১জুলাইয়ের সমাবেশ খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন-তা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকব। এছাড়া, এদিনের সভা এসসি, ওবিসিদের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সারা বাংলায় নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করে, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে সিপিএম মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। বিরোধী দলের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছিল। ভোটবাক্স লুট করে বছরের পর বছর সিপিএম ক্ষমতায় থেকেছে। এমন এক মুহূর্তে ১৯৯৩সালে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযান হয়। সেসময় বামফ্রন্ট সরকারের পুলিস নির্বিচারে ১৩জনকে গুলি করেছিল।
জেলা তৃণমূলের চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, বাংলার ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এমন মুহূর্তে নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য আমরা একযোগে ধর্মতলায় শহিদ সমাবেশে যাব।
জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, ২০১১সাল থেকে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জনমুখী প্রকল্প ও উন্নয়নের সঙ্গে বিজেপি এঁটে উঠতে না পেরে নানা ছলচাতুরি করছে। সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে। কিন্তু, বাংলার মানুষ ২০২৬সালেও ওদের প্রত্যাখ্যান করবেন। আমরা ২১জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশে গিয়ে মমতা ব঩ন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নেব।-নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ