Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দোল উৎসবে জনসংযোগে কোমর বেঁধে নামছে জোড়াফুল ও বিজেপি

দোল উৎসবে জনসংযোগে কোমর বেঁধে নামছে জোড়াফুল ও বিজেপি
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিধানসভা নির্বাচনের এখনও দেরি আছে। তবে দোলের সময় জনসংযোগে তৃণমূল-বিজেপি দু’পক্ষই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। শনিবার দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা দোল উৎসব উপলক্ষ্যে জনসংযোগে নামতে চলেছেন।

Advertisement

বীরভূম জেলার দু’টি বড় বসন্ত উৎসবে এবার বাধা পড়েছে। বিশ্বভারতী ঘরোয়াভাবে বসন্ত উৎসব উদযাপন করেছে। আবার সোনাঝুরিতে বসন্ত উৎসব আয়োজনে বনদপ্তর নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে শাসকদলের তরফে বোলপুরের বাসিন্দা ও পর্যটকদের বিনোদনের জন্য নানা ওয়ার্ডে বসন্ত উৎসব আয়োজিত হয়েছে। শুধু বোলপুর নয়, জেলার বিভিন্ন প্রান্তেই একাধিক সংগঠনের তরফে দোল উৎসব উদ্‌যাপিত হতে চলেছে। সেই সঙ্গে হরিনাম সংকীর্তন আয়োজনেও উদ্যোগী হয়েছে তৃণমূল। সিউড়ি শহরে শাসকদলের কার্যালয়ের সামনে থেকে সেই সংকীর্তন শুরু হবে। জেলার বিভিন্ন প্রান্তেও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে। শাসকদলের নেতৃত্ব একাধিক জায়গায় বসন্ত উৎসবে যোগ দিতে চলেছেন।
বিজেপির তরফে অবশ্য বসন্ত উৎসব আয়োজন করা হচ্ছে না। তবে দলীয় নেতৃত্ব বসন্ত উৎসবে অংশ নিতে চলেছেন। দোলের সকালে বিভিন্ন এলাকায় জনসংযোগে বের হবেন বিজেপি নেতৃত্ব।
জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, আমরা সারাবছরই সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রেখে চলি। দোল উৎসবেও তার অন্যথা হচ্ছে না। এদিনও জেলার নানা প্রান্তে বসন্ত উৎসবে আমরা যোগদান করব। সাধারণ মানুষের সঙ্গে রঙের খেলায় মেতে উঠব। দলীয়ভাবেও বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। বসন্ত উৎসবের পাশাপাশি হরিনাম সংকীর্তনের আয়োজনও করা হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি দীপক দাস বলেন, আমরা সবাই দোল উৎসবে শামিল হচ্ছি। কোনও রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে আমরা বের হচ্ছি না। আমাদের দলের নেতারা একজন সনাতনী হিসেবে অপর সনাতনীদের আবিরে রাঙিয়ে শুভেচ্ছা জানাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ