Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতেই আজ থেকে শুরু তৃণমূলের ৩ মাসের কর্মসূচি

মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতেই আজ থেকে শুরু তৃণমূলের ৩ মাসের কর্মসূচি
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ বৃহস্পতিবার থেকে মাঠে নামছে বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। টানা দেড় মাস ধরে ঠাসা কর্মসূচি নিয়েছেন তাঁরা। এর মধ্যে প্রথম কর্মসূচি শুরু হচ্ছে ‘অঞ্চলে আঁচল’ অর্থাৎ যেখানে মহিলারা তাঁদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। সেই সঙ্গে জেলার প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় সভা করবেন তাঁরা। এছাড়া রয়েছে ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’ এবং ‘রক্তবন্ধন’ কর্মসূচি। রাজ্যের নির্দেশে টানা তিনমাস ধরে মহিলাদের নিয়ে নানান কর্মসূচি রয়েছে তাঁদের। রাজনৈতিক কারবারিদের মতে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর বড় অংশের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে আসছেন, যা বিগত নির্বাচনগুলির ফলাফলে প্রতিফলিত হয়েছে। সামনের নির্বাচনেও তৃণমূলের প্রতি মহিলাদের বন্ধন অটুট রাখতেই এই কর্মসূচি। 

Advertisement

গত লোকসভা নির্বাচনে আগেও  মহিলাদের একত্রিত করতে তিনটি কর্মসূচি নিয়েছিল মহিলা তৃণমূল কংগ্রেস। এক, ‘আমার বুথে আমি সাথে’। এই কর্মসূচিতে বুথ এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মহিলা কর্মীরা। পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া একটি সুন্দর পার্স তুলে দেওয়া হয়েছিল। তাতে  লেখা ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা। ১০০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা’। দুই, ‘বাঁধন আচলের, জয় তৃণমূলের’ শিরোনামে  কর্মিসভা। তিন, ‘সবাই বলো, লক্ষ্মী এলো’ স্লোগান তুলে মহিলাদের মহামিছিল। যা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। জেলার দু’টি লোকসভা আসনেই ব্যবধান বাড়িয়ে জয়ী হন তৃণমূল প্রার্থীরা।  এবার তাঁদের মিশন ২০২৬ বিধানসভা নির্বাচন। মহিলা ভোটব্যাঙ্ক বাড়াতে আজ থেকে দেড় মাস ধরে ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচিতে ঝাঁপাচ্ছেন তাঁরা। প্রতিটি অঞ্চলের মহিলাদের নিয়ে ব্লক স্তরে মিটিং হবে। শোনা হবে তাঁদের অভাব অভিযোগ। শহরভিত্তিক বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে পাঁচটি করে সভা করবেন তাঁরা। জেলায় ছ’টি শহর। অর্থাৎ ৩০টি সভা হবে। এই কর্মসূচি চলবে দেড়মাস ধরে। আজ সেই কর্মসূচির প্রস্তুতিতে তাঁরা নামছেন বলে জানিয়েছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল।
এরপরই ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’।  এই কর্মসূচির লক্ষ্য হল ‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’। বুথভিত্তিক প্রতিটি বাড়িতে পৌঁছে মহিলাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের সঙ্গে আছেন, সেটা বোঝাবেন। দিদি মহিলাদের উন্নয়নে কী কী করেছেন, তা লিফলেট আকারে ছাপিয়ে বিলি করা হবে। তাতে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর সাফল্য থাকবে। তেমনি স্বাস্থ্যসাথী প্রকল্পও তুলে ধরা হবে। মহিলাদের সঙ্গে মত বিনিময়ও করা হবে। এরপরই ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি রক্তদান শিবির হবে। জেলা সভানেত্রী বলেন, দিদির পাশেই মহিলারা রয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরও নিবিড় হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ