Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোলট্যাক্স থেকে প্রাপ্ত সাড়ে ৪ কোটি টাকায় রাস্তা সংস্কার

টোলট্যাক্স থেকে প্রাপ্ত সাড়ে ৪ কোটি টাকায় রাস্তা সংস্কার
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: টোলট্যাক্স বাবদ দুবরাজপুর পুরসভার ঘরে আসতে চলেছে প্রায় সাড়ে চার কোটি টাকা। এই প্রাপ্ত অর্থে শহরের রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেবে পুরসভা। ইতিমধ্যেই এই টোল ট্যাক্সের জন্য প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে পুরসভা। দুবরাজপুর পুরসভা এলাকার গোশালা বস্তির কাছে দীর্ঘদিন ধরে এই টোলট্যাক্স আদায় করা হয় পুরসভার উদ্যোগে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে এই টোলট্যাক্সের জন্য এক কোটি ৩৭ লক্ষ টাকার বরাত দেওয়া হতো টেন্ডারের মাধ্যমে। তারপর বিভিন্ন টালবাহনায় নতুন টেন্ডার থমকে ছিল। অবশেষে পুজোর আগে এই টোল ট্যাক্সের জন্য নতুন টেন্ডার করা হয়েছে। ইতিমধ্যেই এক ব্যবসায়ীকে এই সাড়ে চার কোটি টাকার নতুন টেন্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, এই টেন্ডারের অর্ধেকাংশ টাকা অর্থাৎ দু’কোটি পঁচিশ লক্ষ টাকা আগামী ২০ নভেম্বরের মধ্যে জমা করতে বলা হয়েছে বোর্ড অব কাউন্সিলারের বৈঠকে সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু টেন্ডারে গ্রহণকারী সম্পূর্ণ টাকা এখনও পুরসভার কাছে জমা করতে পারেনি বলে জানা গিয়েছে। এদিকে দুবরাজপুর শহরের থানার বিপরীত দিকে ধর্মতলা থেকে রামসীতা মন্দির এবং সেখান থেকে টোলট্যাক্স পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা তৈরি হয়েছে। এই রাস্তাটি দুবরাজপুর শহরে জালালপুর রোড নামে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোটা রাস্তাটির বিভিন্ন জায়গা খানাখন্দে ভরে উঠেছে। টোলট্যাক্স থেকে কিছুটা দূরে এই রাস্তার ওপর বড় আকারের গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি পড়লে রাস্তাটি আরও দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের দাবি, পুরসভার কোষাগারে আর্থিক প্রাপ্তি হলে এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিক পুরসভা। শহরের এক বাসিন্দা সন্দীপ দাস বলেন, এই রাস্তাটি দারুণ বেহাল অবস্থা তৈরি হয়েছে। খানাখন্দে ভরে উঠেছে গোটা রাস্তাটি। বৃষ্টি পড়লে অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া বা বৃদ্ধ ব্যক্তিরা যাতায়াত করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার মধ্যে পড়েন। তাছাড়া এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। দ্রুত এই রাস্তাটি মেরামত করা খুবই প্রয়োজন। 
Advertisement
অন্যদিকে, দুবরাজপুর শহরের বিডিও অফিস থেকে সাতকেন্দুলি অবধি একটি বাইপাস রাস্তা রয়েছে। সেই রাস্তাটিও বেহাল অবস্থা তৈরি হয়েছে। পুরসভার দাবি, এই রাস্তাটি বীরভূম জেলা পরিষদের উদ্যোগে এর আগে সংস্কার করা হয়েছিল। তাই রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে টোল ট্যাক্সের টেন্ডার করা হয়েছে। তাতে পুরসভার কোষাগারে যে অর্থ আসবে, তা দিয়ে শহরের সার্বিক উন্নয়ন করা হবে।
সম্পর্কিত সংবাদ