সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার বিকেলে ফাঁসিদেওয়ার রাঙাপানিতে এনআরএলের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনালের নোংরা তেলের ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয় এক কর্মীর। যা ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজেশ দাস (৩০)। তিনি রাঙাপানির বাসিন্দা। সেখানকার একটি ম্যানহোলে তাঁকে পড়ে থাকতে দেখেন অন্য কর্মীরা। তড়িঘড়ি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। যদিও এনিয়ে সন্ধ্যা পর্যন্ত ফাঁসিদেওয়া থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। মৌখিক তথ্যের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। ওই সংস্থার কর্মী মহেশ সিং বলেন, সার্ভিস ট্যাঙ্কের নোংরা তেল পরিষ্কার করতে গিয়ে ওই যুবক ম্যানহোলে পড়ে যান। তবে তাকে বাঁচানো সম্ভব হল না। তাঁর পরিবারে স্ত্রী সহ একটি সন্তান রয়েছে।



