Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিলপাড়ায় ময়ূরাক্ষী নদীতে গড়ে উঠবে বিসর্জন ঘাট, বরাদ্দ ৬০ লক্ষ  

তিলপাড়ায় ময়ূরাক্ষী নদীতে গড়ে উঠবে বিসর্জন ঘাট, বরাদ্দ ৬০ লক্ষ
 
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: তিলপাড়ায় ময়ূরাক্ষী নদীতে বিসর্জন ঘাট গড়ে উঠতে চলেছে। সিউড়ি-১ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে সেই কাজ অনেকটাই এগিয়েছে। এখন সেচ দপ্তরের অনুমতির অপেক্ষা। জানা গিয়েছে, সেচ দপ্তরের অনুমতি মিললেই টেন্ডার করে দ্রুত কাজ শুরু করা হবে। শুধু বিসর্জন ঘাট নয়, ঘাট সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নও করা হবে।
Advertisement
সিউড়ি-১ ব্লকে তেমন কোনও বিসর্জন ঘাট নেই। ফলে পুজো উদ্যোক্তাদের তরফে তিলপাড়ায় ময়ূরাক্ষী সহ বিভিন্ন নদী ও জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হতো। এই পরিস্থিতিতে সিউড়ি-১ পঞ্চায়েত সমিতি বিসর্জন ঘাট গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। আনুমানিক ৬০ লাখ টাকা ব্যয়ে সেই ঘাট তৈরি হবে। ময়ূরাক্ষী নদীর ধারে তিলপাড়া এলাকায় তার জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে। পঞ্চায়েত সমিতির তরফে জানা গিয়েছে, ঘাটতৈরির জন্য দিনকুড়ি আগে সেচদপ্তরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি মিললেই বাকি কাজ এগনো হবে।
প্রতিমা বিসর্জনের জন্য ঘাট নির্মাণের পাশাপাশি নদী দূষণ রুখতেও ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে এলাকায় ঘাট তৈরি হবে সেখানে নদীর পাড়ে ফেন্সিং বসানো হবে। প্রতিমা বিসর্জনের সময়ে ফুল, বেলপাতা সহ পুজোর অন্যান্য উপকরণ যাতে ছড়িয়ে না পড়ে তারজন্যই এই সিদ্ধান্ত। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ফেন্সিং থাকলে সেসব নদী থেকে তুলতে যথেষ্ট সুবিধা হবে। সেই সঙ্গে নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল বলেন, আনুমানিক আড়াইশো ফুট এলাকা জুড়ে বিসর্জন ঘাট তৈরি হবে। প্রতিমা বিসর্জনের জন্য যাতে নদী দূষণ না হয় সে দিকেও নজর দেওয়া হবে।
ময়ূরাক্ষীর তীরে ঘাট নির্মাণ হলে শুধু প্রতিমা বিসর্জনেই সুবিধা হবে তা নয়। ছটব্রতীরাও অনেক সুবিধা পাবেন। ঘাট সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হলে সাধারণ মানুষ সেখানে সময় কাটাতে পারবেন। চৌরঙ্গী সর্বজনীন পুজো কমিটির সদস্য দেবাশিস ধীবর বলেন, বিসর্জন ঘাট হলে খুবই ভালো হবে। সাধারণ মানুষও বিসর্জন উপভোগ করতে পারবে। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর বলেন, কিছুটা কাজ এগিয়েছে। এখন সেচদপ্তরের অনুমতির অপেক্ষা।
Advertisement
সম্পর্কিত সংবাদ