সংবাদদাতা, বেলদা: দু’মাস আগে নিখোঁজ হওয়া বেলদার নাবালিকাকে তেলেঙ্গানা থেকে উদ্ধার করল পুলিস। এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বেলদা থানার পুলিস জানিয়েছে, ১৬বছর বয়সি ওই নাবালিকা দু’মাস আগে নিখোঁজ হয়। পরিবারের তরফে থানায় এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতেও মেয়েকে ফিরে না পাওয়ায় ওই পরিবার হাইকোর্টে মামলা করেছিল। পুলিস অভিযুক্ত যুবকের ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে জানতে পারে, সে তেলেঙ্গানায় রয়েছে। গত শনিবার বেলদা থানার পুলিসের একটি দল তেলেঙ্গানায় রওনা দেয়। সোমবার সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করে আনে তারা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার এক ১৭বছরের নাবালিকাও বাড়ি থেকে পালিয়ে বেলদায় চলে এসেছিল। তাকেও এদিন খাকুড়দা এলাকা থেকে পুলিস উদ্ধার করে। মেয়েটি বাড়ি ফিরতে না চাওয়ায় আদালতের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়েছে।



