হায়দরাবাদ: পেরিয়ে গিয়েছে ৭২ ঘণ্টা। মঙ্গলবার চতুর্থদিনে পড়েছে উদ্ধারকাজ। সময়ের সঙ্গে সঙ্গে তেলেঙ্গানার নগরকুর্নুলে সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। উপরন্তু নির্মীয়মাণ শ্রীশৈলম লেফ্ট ব্যাঙ্ক ক্যানালে দুর্ঘটনাস্থলের কাছে জল-কাদার পরিমাণ বেড়ে যাওয়ায় বিপত্তি আরও বেড়েছে। বিপদের মুখে পড়েছেন খোদ উদ্ধারকারীরাই। পরিস্থিতি এত খারাপ যে, এদিন মাঝপথে খননকার্য পর্যন্ত বন্ধ রাখতে হয়। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটারের বেশি জল সুড়ঙ্গে প্রবেশ করছে। তারসঙ্গে বালি, পাথর এবং ধ্বংসাবশেষ মিশে কাদা তৈরি হয়েছে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী উত্তমকুমার রেড্ডি। তাই এবার উদ্ধারকাজে জিএসআই ও ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই) বিশেষজ্ঞদের নিয়োগ করেছে তেলেঙ্গানা সরকার। উদ্ধারকারীরা মনে করছেন, টানেলটি যেখানে শেষ হয়েছে, তার ঠিক ৮-১০ মিটার দূরে আটকে রয়েছেন শ্রমিকরা। তবে তাঁদের বেঁচে থাকার আশা ক্ষীণ। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে র্যাটহোল মাইনাররা। তাঁদের সঙ্গে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভারতীয় সেনা। সুড়ঙ্গের ভিতরে ঠিক কোথায় শ্রমিক আটকে পড়েছেন, তা অবশ্য জানা সম্ভব হয়নি। তাঁদের অবস্থান জানতে অত্যাধুনিক এন্ডোস্কপিক ও রোবোটিক ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।



