নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার ভোরে তালডাংরায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দোকান ও বাড়িতে ধাক্কা মারে। ঘটনায় কেউ হতাহত না হলেও চারটি দোকান ও একটি বাড়ি ভেঙে গিয়েছে। এদিন থানা লাগোয়া তালডাংরা বাজারের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তালডাংরা থানার এক আধিকারিক বলেন, চালক সহ ডাম্পারটি আটক করা হয়েছে। ডাম্পারটি বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে সিমলাপাল থেকে বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনা ঘটে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মীরা দাস মোদক বলেন, দোকান লাগোয়া বাড়িতে রাতে শুয়েছিলাম। ভোর ৩টে নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে দেখি, একটি ডাম্পার হুড়মুড়িয়ে দোকানের ভিতরে ঢুকে পড়েছে। ডাম্পারের ধাক্কায় চারটি দোকান ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আমার দোকানে থাকা ১০ লক্ষ টাকার মালপত্র নষ্ট হয়ে গিয়েছে। আমরা ক্ষতিপূরণ চাই।
অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহাদেব দত্ত মোদক বলেন, চালক ঘুমিয়ে পড়ায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোয় এঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। দিনের বেলায় হলে অনেকে হতাহত হতেন।
অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহাদেব দত্ত মোদক বলেন, চালক ঘুমিয়ে পড়ায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোয় এঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। দিনের বেলায় হলে অনেকে হতাহত হতেন।



