Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তালডাংরা বিধানসভা এলাকায় প্রচারে ঝড় তুলল সব দল

তালডাংরা বিধানসভা এলাকায় প্রচারে ঝড় তুলল সব দল
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার তালডাংরা বিধানসভা এলাকায় প্রচারে ঝড় তুলল সব রাজনৈতিক দলই। শাসক দল তালডাংরা বিধানসভা এলাকায় প্রচার সারে। এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর অঞ্চলের একাধিক গ্রামে প্রচারে যান। রোড শোয়ের পাশাপাশি তিনি বাড়ি বাড়ি জনসংযোগও সারেন। জেলা তৃণমূল সভাপতি বলেন, ভোটের আগে শেষ শনি ও রবিবার আমরা তালডাংরায় জোর প্রচার করেছি। আমাদের প্রচার বিরোধী শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে।  
Advertisement
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার তালডাংরায় রোড শোয়ের মাধ্যমে প্রচারে ঝড় তোলা হবে। এদিন দলের প্রার্থী সহ অন্যান্য নেতানেত্রীদের নিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী তালডাংরা ব্লকের হারমাসরা থেকে বিবরদা পর্যন্ত এবং পাঁচমুড়া এলাকায় রোড শো করবেন। পাঁচমুড়ায় তৃণমূলের তরফে একটি জনসভারও আয়োজন করা হবে।
এদিন বিজেপি-র তরফে তালডাংরার বিবরদায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভার আগে বিজেপি নেতাকর্মীরা একটি মিছিল করেন। এদিনের কর্মসূচিতে তালডাংরা উপ নির্বাচনের দলীয় প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। সুভাষবাবু বলেন, আমরা এবার তালডাংরায় প্রচারে ভালো সাড়া পাচ্ছি। এদিনের কর্মসূচিতে বহু মানুষ সমবেত হয়েছিল। এদিন সভা ও মিছিলের পাশাপাশি প্রার্থী বাড়ি বাড়ি ভোট প্রচারও করেছেন। বিজেপি এবারের ভোটে আশাতীত ফল করবে। 
এদিন তালডাংরা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তিও প্রচারে কোনও খামতি রাখেননি। তিনি তালডাংরা এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেছেন। দেবকান্তিবাবু বলেন, বামেরা এবারের ভোট প্রচারে মানুষের মনে দাগ কাটতে পেরেছে। আর জি কর পরবর্তী পরিস্থিতিতে অনেকেই আমাদের সমর্থন জানানোর কথা প্রচারচলাকালীন জানাচ্ছেন। 
কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহীও এদিন ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর ও গৌড়বাজার অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার করেন। তুষারবাবু বলেন, ভোট প্রচারে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিকে ইস্যু করেছি। এদিন সকালে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিমলাপাল বাজারে একটি সভা করা হয়। সেখানে ছাত্র পরিষদের নেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী সহ অন্যান্য নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যা নাগাদ একই ইস্যুতে সিমলাপাল ব্লকের তেঁতুলিয়া এলাকাতেও একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 
সম্পর্কিত সংবাদ