Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকার অভাবে দাসপুর-১ ব্লকে বোরো বাঁধ হয়নি, ক্ষোভ চাষিদের

টাকার অভাবে দাসপুর-১ ব্লকে বোরো বাঁধ হয়নি, ক্ষোভ চাষিদের
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তহবিলে টাকা নেই। তাই নদী ও খালে বোরো বাঁধ তৈরির কাজ শুরু করতে পারছে না প্রশাসন। ফলে দাসপুর-১ ব্লকের বেশ কয়েকহাজার চাষি এই মরশুমের চাষ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আদৌ এবার তাঁরা বোরো ও সব্জি চাষ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
Advertisement
দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক বলেন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগেই ব্লকের বিভিন্ন বোরো বাঁধ তৈরি করা হতো। কিন্তু এখন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলে টাকা নেই। তাই বোরো বাঁধ তৈরি সম্ভব হয়নি। সেকাজ হবে কি না, তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এই মরশুমে চাষের জন্য একসময় দাসপুর-১ ব্লকের শিলাবতী ও কংসাবতী নদী, পলাশপাই ও কেঠিয়া খালের উপর সবমিলিয়ে ১০টি বোরো বাঁধ তৈরি হতো। কয়েক বছরে সেই সংখ্যা কমে পাঁচে দাঁড়িয়েছে। এখন কংসাবতী নদীর উপর কল্মীজোড় এবং তেমোহানি, শিলাবতীর উপর রামদেবপুরে, বসন্তপুরে পলাশপাই খালের উপর এবং চণ্ডীখালিতে কেঠিয়ার উপর বোরো বাঁধ তৈরি করা হয়। প্রতিবছর নভেম্বর মাসের শেষদিকে সেগুলি বাঁধা শুরু হয়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ওই বাঁধ তৈরির কাজ শেষ হয়। চাষের কাজ শেষে বর্ষা শুরুর আগে ফের বোরো বাঁধ ভেঙে দেওয়া হয়।
বোরো বাঁধ তৈরি হলে এলাকার নদী ও খালে জল জমতে শুরু করে। সেই জল ছোট ছোট খালের মধ্য দিয়ে নিয়ে গিয়ে চাষিরা সেচের ব্যবস্থা করেন। এভাবে আলু, ধান, সব্জি মিলিয়ে ব্লকের একহাজার হেক্টরের বেশি জমিতে চাষ করা হয়। কিন্তু এবার সেই সম্ভাবনা নেই।
কল্মীজোড়ের চাষি বিকাশ সামন্ত, তপন মাইতি, রামদেবপুরের চাষি মন্টু শাসমল, বলাই সাঁতরা জানান, এবার এখনও বাঁধ বাঁধা শুরু হয়নি। হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে কাজ শুরু হলেও তা শেষ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাবে। তারপর আর চাষের উদ্যোগ নেওয়া সম্ভব হবে না। তাই এই মরশুমে আমাদের কর্মহীন হয়ে থাকতে হবে। মাঠের পর মাঠ জমি নিষ্ফলা হয়ে থাকবে।
সুনীলবাবু বলেন, আমরা এবিষয়ে নিরুপায়। কয়েকবছর আগে পর্যন্ত সরকারের বিভিন্ন কর পঞ্চায়েতে সরাসরি জমা পড়ত। এখন সবই অনলাইনে জমা পড়ে। ফলে নিজস্ব তহবিলে আয়ের সুযোগ অনেকটাই কমেছে। এক-একটি বোরো বাঁধ দিতে গড়ে ১০ লক্ষ টাকা খরচ হয়। অত টাকা দিয়ে বাঁধ তৈরি করা সম্ভব নয়।
সম্পর্কিত সংবাদ