সংবাদদাতা, মেদিনীপুর: ১০০ দিনের কাজের দ্রব্য সামগ্রীর বকেয়া টাকার দাবিতে আন্দোলনে নামল সরবরাহকারী সংগঠন। মঙ্গলবার সারা বাংলা এমজিএনআরইজিএ ভেন্ডার অ্যাসোসিয়েশনের ডাকে খড়্গপুর-২ বিডিও অফিসের সামনে তারা ধর্নায় বসেন। বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক দুর্জয় ব্রহ্ম বলেন, গত তিন বছর ধরে আমরা কোনও টাকা পাইনি। প্রায় ১০ কোটি টাকা বকেয়া আছে। ব্যাঙ্কে ঋণের বোঝা বাড়ছে। পাওনাদাররা টাকা চাইছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে আমাদের হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ওদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন।



