Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকার ব্যাগ হাতানোর চেষ্টা, গ্রেপ্তার পাঁচ

টাকার ব্যাগ হাতানোর চেষ্টা, গ্রেপ্তার পাঁচ
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: সোনাপুরে স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। সম্প্রতি কালাগছ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
কালাগছের ছিনতাইয়ের ঘটনায় জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর এলাকা থেকে দীপেশ গোয়ালা ও সঞ্জু গোয়ালাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সোনাপুরে ছিনতাইয়ের ঘটনায় চোপড়ার নলবাড়ি ও আমবাড়ি এলাকা থেকে মহম্মদ রেজাউল, দয়াল বসাক ও শুভম কর্মকারকে গ্রেপ্তার করে পুলিস।
গত রবিবার সন্ধ্যায় চোপড়ার সোনাপুর এলাকায় শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ী সোনাপুর বাজারে সাপ্তাহিক কালেকশনে এসেছিলেন। কালেকশন শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠতে গেলে পিছন থেকে এসে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। অন্যদিকে গত ২৬ ডিসেম্বর চোপড়ার কালাগছ এলাকায় মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তুলে ৪ দিনের হেফাজতে নিয়েছে চোপড়া থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ