নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দুয়ারে সরকার ক্যাম্প শুরুর আগে বিশেষ সুবিধা বিতরণ ক্যাম্প করল জেলা প্রশাসন। শুক্রবার কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ছটপড়ুয়া হাইস্কুল মাঠে একদিবসীয় এই ক্যাম্প থেকে তফশিলি জাতি শংসাপত্র প্রদান সহ রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা এই ক্যাম্প থেকে দেওয়া হয়। ক্যাম্পের ভিতরে প্রকল্পের ফর্মফিলাপ করে দেওয়ার জন্য হেল্পডেস্ক থাকলেও স্কুল মাঠের পিছনে কয়েকজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপের অভিযোগ ওঠে। যদিও বিষয়টি জানার পর প্রশাসন গিয়ে তা বন্ধ করে দেয়।
Advertisement
এদিন ক্যাম্পের অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, মহকুমাশাসক কিংশুক মাইতি, কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা বর্মন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। জেলাশাসক বলেন, দুয়ারে সরকার শুরুর আগে জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় এই ক্যাম্প হচ্ছে। এর আগে ইটাহারে এ ধরনের ক্যাম্প করা হয়। যার মূল লক্ষ্য হল, তফশিলি জাতি অধ্যুষিত প্রান্তিক এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। বিধায়কের পরামর্শ অনুযায়ী এই এলাকা চিহ্নিত করে ক্যাম্প হল। আগামীতে দুয়ারে সরকার ক্যাম্প জেলার প্রত্যেক বুথে করা হবে। এদিন মুরগির ছানা বিতরণ, কন্যাশ্রীর সুবিধা, কম্বল বিতরণ, খাদ্যসাথী, সবুজ সাথী, স্বনির্ভর গোষ্ঠীকে ৫টি ই-কার্ট দেওয়া হয়।



