নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰাম সমবায় কৃষি এবং গ্ৰাম উন্নয়ন ব্যাঙ্কের গোপীবল্লভপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেবজ্যোতি বর্ধনকে টাকা তছরুপের অভিযোগে গ্ৰেপ্তার করা হয়েছে। ক্যাশিয়ার বারিদবরণ মাহাতকে পুলিস আগেই গ্ৰেপ্তার করছিল। জালিয়াতি করে ঋণের টাকা তুলে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঝাড়গ্রাম সমবায় কৃষি এবং গ্ৰাম উন্নয়ন ব্যাঙ্ক জেলার কৃষক ও প্রান্তিক মানুষদের অন্যতম নির্ভরস্থল। গোপীবল্লভপুর-১ ব্লকের হুমটিয়া গ্ৰামের বাসিন্দা রঞ্জন পৈড়্যা ব্যাঙ্কের স্থানীয় শাখায় গতবছর ডিসেম্বর মাসে ১৫ লাখ টাকা ঋণের আবেদন করেছিলেন। এই বছর জানুয়ারি মাসে টাকা মঞ্জুর হয়। অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে গত জুলাই মাসের শুরুতে অ্যাকাউন্টসের ডিটেলস জানতে গেলে সার্ভার ডাউন আছে বলে বেশ কয়েকবার ঘোরানো হয়। অভিযোগকারী অবশেষে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক ম্যানেজার জানিয়ে দেন তিনি কিছু জানেন না। গোপীবল্লভপুর থানায় গত জুলাই মাসের ১৭ তারিখে ক্যাশিয়ারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করা হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করে। প্রমান মিলতেই জালিয়াতির অভিযোগে গত সেপ্টেম্বর মাসে ক্যাশিয়ারকে গ্ৰেপ্তার করা হয়। ব্যাঙ্কের তরফেও তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেবজ্যোতি বর্ধনও জালিয়াতির সঙ্গে জড়িত বলে তদন্তে উঠে আসে। গত রবিবার রাতে গোপীবল্লভপুর থানার পুলিস অভিযুক্তকে গ্ৰেপ্তার করে। গত সোমবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। পুলিসের তদন্তকারী দলের এক অফিসার বলেন, ব্যাঙ্কের ক্যাশিয়ার সই জাল করে ৬ লক্ষ টাকা তুলে নিয়েছিলেন। সই জালের প্রমাণ মিলতেই ক্যাশিয়ারকে গ্ৰেপ্তার করা হয়েছিল। তদন্তে দেখা গিয়েছে, টাকা তোলার সময় ব্যাঙ্ক ম্যানেজার ছুটিতে ছিলেন। কিন্তু তিনি চেক অ্যাপ্রুভ করেছেন। ম্যানেজারের কাছে ব্যাঙ্কের পাসওয়ার্ড থাকে। ব্যাঙ্কের অন্য কর্মীদের যা জানার কথা নয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, নিয়ম ভেঙে ক্যাশিয়ারকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও গোপীবল্লভপুর শাখার ব্যাঙ্কের ডিপোজিট স্লিপের একাধিক গরমিল ধরা পড়েছে। অভিযোগকারী রঞ্জন পৈড়্যা এদিন বলেন, চলতি বছরের জুলাই মাসে আমার ও দাদার যৌথ অ্যাকাউন্টের ডিটেলস জানতে যাই। প্রথম দিন থেকে সার্ভার ডাউন আছে বলে ঘোরাচ্ছিল। অবশেষে জানতে পারি, অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ঝাড়গ্ৰাম শহরের প্রধান শাখায় গেলে সেখানেও সই জাল করে টাকা তোলা হয়েছে বলে জানানো হয়। গোপীবল্লভপুর থানায় ব্যাঙ্কের ক্যাশিয়ার বারিদবরণ মাহাতর বিরুদ্ধে সই জাল করে ৬ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ করেছিলাম। ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও গ্ৰেপ্তার হয়েছে শুনলাম। এখন মনে হচ্ছে ম্যানেজারের হাত ছাড়া ক্যাশিয়ার এভাবে জালিয়াতি করতে পারত না। ব্যাঙ্কের সিইও তপনকুমার সামন্ত বলেন, বিভাগীয় তদন্ত চলছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। দোষ প্রমাণিত হলে বোর্ড অফ ডিরেক্টরস পদক্ষেপ নেবে। গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে জানানো হয়, ব্যাঙ্কের ক্যাশিয়ারকে আগেই গ্ৰেপ্তার করা হয়েছিল। জালিয়াতির অভিযোগে এবার ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে গ্ৰেপ্তার করা হয়েছে।



