নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বয়স মাত্র দু’বছর ন’মাস। এই বয়সেই বিভিন্ন দেশের রাজধানী ও প্রধানমন্ত্রীদের নাম তার ঠোঁটস্থ। বর্ধমান-২ ব্লকের নবস্থা পঞ্চায়েতের আউশা কামারপাড়ার সাগির মণ্ডল এই বয়সেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পরিবারের দাবি, শিশুটির নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে। সে সহজে সবকিছু মনে রাখতে পারে। ২১টি পশু, ২৩টি সব্জির নাম সে একনাগাড়ে বলে দিতে পারে। তার সাফল্যের কথা শুনে বিধায়ক নিশীথ মালিক এদিন তার বাড়িতে গিয়েছিলেন। সাগিরের মা সোমা মণ্ডল বলেন, মন্তেশ্বরের মামুদপুরে আমার বিয়ে হয়েছে। স্বামী বাইরে কাজ করে। ছেলেকে নিয়ে নবস্থায় বাপেরবাড়িতে থাকি। এই বয়সে ছেলের নানা কীর্তি সবাইকে অবাক করে দেয়।



