Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালির ধামাখালিতে হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, চাঞ্চল্য

বসিরহাটের সন্দেশখালিতে হোটেল থেকে উদ্ধার হল ৩২ কোটি টাকা। এই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী।

সন্দেশখালির ধামাখালিতে হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, চাঞ্চল্য
  • ১৯ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বসিরহাটের সন্দেশখালিতে হোটেল থেকে উদ্ধার হল ৩২ কোটি টাকা। এই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী। এই পাহাড়প্রমাণ টাকার উৎস খুঁজতে পুলিস ধৃতদের জেরা করছে। উদ্ধার হওয়া টাকার মধ্যে ন’কোটির বেশি টাকা জাল বলেই জেনেছে পুলিস। ওই হোটেলের মালিক বাপ্পাদিত্য মণ্ডল। তাকে খুঁজছে পুলিস। সূত্রের খবর, ওই হোটেলের মালিক খাতায় কলমে বাপ্পাদিত্য হলেও আসলে সেটি শেখ শাহজাহানের। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার সকালে সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে পুলিস আচমকাই অভিযান চালায়। ওই হোটেলের ২০৬ নম্বর ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। সেখানেই বিস্কুটের কার্টনের ভিতরে থরে থরে ৫০০ টাকার নোট সাজানো ছিল। মোট ৩২ কোটি টাকা উদ্ধার করে পুলিস। কোথা থেকে এল টাকা।

Advertisement

জাল নোটগুলিও বা কোথাকার? তদন্ত শুরু করেছে পুলিস। ধৃত দেবব্রতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। অপরজন সিরাজউদ্দিন ক্যানিংয়ের জীবনতলা এলাকার বাসিন্দা। পুলিসের প্রাথমিক অনুমান, সন্দেশখালির বিভিন্ন এলাকায় এখনও বিপুল পরিমাণ টাকা মজুত রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেসব উদ্ধার করার চেষ্টা করছে পুলিস। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মেশিন ও দুটি আধার কার্ডও পুলিস উদ্ধার করেছে। হোটেলের কর্মী রাহুল সরকার জানিয়েছেন, গতকাল, শুক্রবার দুপুরে ওই দু’জন ব্যক্তি এসেছিলেন। তারা সমস্ত নথিপত্র জমাও দেন। তাদের সঙ্গে সুটকেস-সহ কয়েকটি ব্যাগ ছিল। আজ, শনিবার সকালে দেখি পুলিস ওদের ঘরে তল্লাশি চালাচ্ছে। তাদের কাছ থেকে পুলিস প্রচুর টাকা উদ্ধার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ