নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরও প্রথম দফার ১৫২ আসনের ভোটে ট্রাইবুনালে বিচারাধীন ‘ডিলিটেড’ ভোটারদের ভাগ্য সেই তিমিরেই! দিন কয়েক আগেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালত জানিয়েছিল, ভোটের দু’দিন আগে পর্যন্ত ‘ডিলিটেড’ ভোটাররা ট্রাইবুনালে ভোটাধিকার ফিরে পেলে ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু সেই নির্দেশের পরও ধোঁয়াশা অব্যাহত। কারণ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের ওই নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোটে নিষ্পত্তি হওয়া ডিলিটেড ভোটারদের অন্তর্ভুক্তির সময়সীমা ছিল সোমবার পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও আদৌ কোনো আবেদনের নিষ্পত্তি হয়েছে কি না, তা নিয়ে তথ্যই জানা যাচ্ছে না। ট্রাইবুনাল এবং কমিশন কোনো তরফেই এই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হয়নি। এর মধ্যেই আবার নথি যাচাই করে ভোটার চিহ্নিত করার কাজে ট্রাইবুনালের কাজের হিসাব চায় সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট চাওয়া হবে বলে সোমবার জানিয়ে দিয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। একইসঙ্গে আধার এবং পাসপোর্টের ভিত্তিতে আবেদন আগেভাগে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।



