দোহা: বাইশ গজে ফের ভারত-পাকিস্তান! এবার এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি তিলক ভার্মা ব্রিগেড। শুক্রবার নেপালকে ৩০৬ রানের বড়োসড়ো ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত ‘এ’ দল। অন্যদিকে, প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৬১ রানে জয় পায় পাক বাহিনী। এই গ্রুপ থেকে দুটো দল উঠবে সেমি-ফাইনালে। ফলে পাকিস্তানকে হারাতে পারলে শেষ চারে ওঠা নিশ্চিত হবে ভারতের। নেপালের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন কুমার কুশাগ্র (১১৭) ও তিলক (১০৭)। ফলে তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে। অভিষেক, বৈভব, রিঙ্কু অবশ্য প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন। বোলারদের মধ্যে প্রিন্স ও হর্ষিত ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রিন্স নেন ৫ উইকেট, হর্ষিত নেন ৪টি।
খেলা শুরু বিকাল ৩-৩০ মিনিটে।



