সংবাদদাতা, আলিপুরদুয়ার: সমস্ত উৎকণ্ঠার অবসান। শেষ পর্যন্ত বিহারের চম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভে পছন্দের বাঘিনীটি খাঁচাবন্দি হতেই স্বস্তি ফিরল বনদপ্তরে। বনদপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা নামার ঠিক আগেই বাঘিনীটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বনদপ্তরের যৌথ টিম। এখবর নিশ্চিত করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। টানা দুই সপ্তাহের অভিযানে বাঘিনী ধরা পড়তেই বনদপ্তররের বিশেষজ্ঞ টিমকে অভিনন্দন জানিয়েছেন বনমন্ত্রী।
বনমন্ত্রী বলেন, অভিনন্দন বনদপ্তরের টিমকে। বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্টে বক্সার জঙ্গলে ছাড়ার জন্য পছন্দের বাঘিনী ধরা পড়েছে। ২ অক্টোবর বক্সার জঙ্গলে শোনা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত। ধরা পড়া বাঘিনীটির বয়স তিন বছরের মতো।
বনদপ্তর সূত্রে খবর, মঙ্গলবার রাতের দিকে অথবা আজ, বুধবার ভোরের দিকে আকাশপথে বাঘিনীটিকে আনা হবে। বাল্মীকি ফরেস্ট থেকে ১২৫ কিমি দূরে গোরক্ষপুর বিমানবন্দর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে নামানো হবে বাঘিনীটিকে। হেলিকপ্টারেও মেডিকেল সাপোর্ট থাকবে বাঘিনীটির জন্য। তারপর হাসিমারা থেকে সড়কপথে আবারও মেডিকেল সাপোর্টে ওই বাঘিনীটিকে আনা হবে বক্সায়। বক্সার ২৫ মাইল জঙ্গলে ২.২ হেক্টর ঘেরোটোপের সফট রিলিজ এনক্লোজারে বাঘিনীটিকে রাখা হবে। বাঘিনীর গলায় স্যাটেলাইট রেডিও কলার পরানো হবে। ২ অক্টোবর বাঘিনীটিকে ছাড়া হবে বক্সার জঙ্গলে। সেদিন উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আগে থেকেই চিহ্নিত করা বাঘিনীটিকে ধরতে বাল্মিকী ফরেস্টে তিনটি মোষের টোপ দিয়েছিল বনদপ্তর। তারই মধ্যে একটি মোষকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘিনীটি। সেই সূত্র ধরেই মঙ্গলবার সন্ধ্যা নামার ঠিক আগে বাঘিনীটির কাছাকাছি পৌঁছে যায় বনদপ্তরের টিম। তারপরেই বাঘিনীটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে দপ্তরের বিশেষজ্ঞ টিমের সদস্যরা। এক গুলিতেই কাবু হয় বাঘিনীটি। বনদপ্তর জানিয়েছে, কাবু হওয়ার পরও বাঘিনীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। ২ অক্টোবর শহরের প্যারেড গ্রাউন্ডে বড়ো পর্দায় বাঘ ছাড়ার দৃশ্য লাইভ দেখানো হবে। বনদপ্তরের তৈরি জেলার ৭০টি স্কুলের টাইগার কাবস ক্লাবের ৬৯৩ জন পড়ুয়া সেদিন প্যারেড গ্রাউন্ডে হাজির থাকবে। এজন্য মঞ্চ ও প্যান্ডেল বাঁধার কাজও প্রায় শেষ। • ছবি বনমন্ত্রীর সৌজন্যে।