নিজস্ব প্রতিনিধি, হাওড়া, বারাকপুর ও নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: ছটপুজোয় হাওড়া শহর, হাওড়া গ্রামীণ এলাকা ও বারাকপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
হাওড়া শহরে রবিবার বেলা বারোটা থেকে রাত দু’টো এবং সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা। পাশাপাশি ঘাট সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, রামকৃষ্ণপুর, শিবপুর, নমকগোলা ও রাসবাড়ি সহ শহরের সমস্ত গঙ্গার ঘাট সংলগ্ন রাস্তায় ওয়ানওয়ে যান চলাচল করবে। প্রতিটি ঘাটের কাছে হবে নির্দিষ্ট পার্কিং জোন। রামকৃষ্ণপুর ঘাটে সবথেকে বেশি পুণ্যার্থী সমাগমের সম্ভাবনা থাকায় বার্ন স্ট্যান্ডার্ড সংলগ্ন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছোটো জলাশয়গুলির কাছেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে পুজো প্রস্তুতি পরিদর্শনে শনিবার নজিরগঞ্জ ঘাট থেকে ১৬ কোটির ঘাট জলপথে পরিদর্শন করেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। ছিলেন জেলাশাসক ও পুর কমিশনার। বালি বিধানসভা কেন্দ্রের ছটঘাটগুলি পরিদর্শন করেন বিধায়ক সঞ্জয় সিং। ছিলেন পুলিশের আধিকারিকরা এবং বালি পুরসভার এক্সিকিউটিভ অফিসার। জলপথে ঘাট পরিদর্শন এবং পুণ্যার্থীদের সুবিধা ও নিরাপত্তার বিষয় খতিয়ে দেখেন তাঁরা।
অন্যদিকে ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। একাধিক ঘাট পরিদর্শন করেন পুলিশ সুপার অমিত ভার্মা। পুলিশ ও উলুবেড়িয়া পুরসভা একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। জানানো হয়েছে, নদীর ঘাটগুলি সাফ করা হবে এবং হবে বিদ্যুতের ব্যবস্থা। থাকবে পানীয় জলের বন্দোবস্ত। পুলিশ সুপার বলেন, সব ঘাটে পর্যাপ্ত পুলিশ থাকবে। সহায়তা কেন্দ্রগুলিতে সার্চ লাইট সহ অন্যান্য জিনিসপত্র রাখা হবে। নদীতে লঞ্চের মাধ্যমে চলবে নজরদারি। রাস্তায় মোটর সাইকেলে পেট্রলিং চালাবে পুলিস। রাস্তায় এবং ঘাটে দুর্গাসুরক্ষা বাহিনী ও টহলদারি টিম থাকবে।
এর পাশাপাশি বারাকপুর শিল্পাঞ্চলে পুকুর, ঝিল, গঙ্গার ঘাট মিলিয়ে দেড়শ জায়গায় ছট পুজো হয়। গঙ্গায় ৩৫টি বড়ো ঘাটে পুজো দেয় মানুষ। তাদের নিরাপত্তায় গঙ্গাবক্ষে নজরদারি চালাবে পুলিশ। বোট নিয়ে টহল দেবে বিপর্যয় মোকাবিলা দপ্তর। রবিবার বিকাল এবং সোমবার ভোরে গঙ্গায় পুজো করবে লক্ষ পুণ্যার্থী। শনিবার নিরাপত্তা নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অমিত কুমার সিং। জানা গিয়েছে, গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলো বসানো হয়েছে। ঘাট সংলগ্ন রাস্তা মেরামত হয়েছে। বড়ো ঘাটের সামনে পুলিস সহায়তা ক্যাম্প হয়েছে।



