Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আপাতত ঝড়বৃষ্টি চলবে রাজ্যজুড়ে, ভোটগণনার দিন দুর্যোগের সম্ভাবনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আপাতত রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলবে।

আপাতত ঝড়বৃষ্টি চলবে রাজ্যজুড়ে,  ভোটগণনার দিন দুর্যোগের সম্ভাবনা
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আপাতত রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলবে। ৪ মে, সোমবার ভোটগণনা। সেদিনও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার কিছু স্থানে ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বৃহস্পতিবারই ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা ওইদিন থাকছে উত্তরবঙ্গে। 

Advertisement

বুধবার ভোটগ্রহণের দিন কলকাতাসহ রাজ্যের অনেকগুলি জেলায় ‘কমলা’ সতর্কতা জারি ছিল। ওইদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের যেসব জেলায় ভোটগ্রহণ ছিল, সেখানে সকাল থেকেই আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টিও শুরু হয়। কলকাতা ও লাগোয়া একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাতে কলকাতা ও  উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৬২ কিমি বেগে কালবৈশাখীর ঝড় হয়েছে। দমকা ও জোরালো হাওয়া বয়ে যায় হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, জলপাইগুড়িসহ বিভিন্ন জেলায়। সেদিন বৃষ্টিও হয়েছে অনেকটা। হাওড়ার আমতায় রাজ্যে সর্বোচ্চ প্রায় ১০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় ৭৫ মিমি, সল্টলেকে ৬২ মিমি, কাঁথি ও উলুবেড়িয়ায় ৬০ মিমি, কলকাতা (আলিপুর) ৫৪ মিমি, দমদমে ৫৪ মিমি, ক্যানিংয়ে ৫৯ মিমি, খড়্গপুর ও দীঘায় ৫০ মিমি এবং আসানসোলে ৪৯ মিমি বৃষ্টি হয়। উত্তরবঙ্গের মধ্যে ময়নাগুড়িতে এইসময়ের সর্বাধিক ৬৮ মিমি এবং আলিপুরদুয়ারে ৫৭ মিমি বৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে স্বাভাবিকভাবেই সব জায়গাতেই গরম কমে স্বস্তি মিলেছে। রাতের বৃষ্টির জন্য বৃহস্পতিবার ভোরবেলা কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে ২০.৪ ডিগ্রি হয়। এটা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি কম। বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ৭ ডিগ্রি। দুপুর বেলার সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রির নীচে চলে আসে। এটা (২৮.২) স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি কম ছিল। আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রির আশপাশে থাকবে বলে তাদের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন অংশে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস সন্ধ্যায় জানান, রাতের দিকে কলকাতা ও লাগোয়া এলাকায় ফের ঝড়বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়নি। রবিবার ও সোমবার ভোটগণনার দিন অবশ্য কয়েকটি জেলায় ‘কমলা’ সতর্কতা থাকছে। সোমবার ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা ছাড়াও হাওড়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে ‘হলুদ’ সতর্কতা থাকবে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপাতত কয়েকদিনের জন্য। ‘কমলা’ সতর্কতা থাকলে বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি হতে পারে। বজ্রপাতসহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে ‘হলুদ’ সতর্কতার ক্ষেত্রে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে রাজ্যজুড়ে বজ্রমেঘ সৃষ্টির কারণেই এই ঝড়বৃষ্টি।

Advertisement
সম্পর্কিত সংবাদ