নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন কলকাতাসহ রাজ্যের প্রায় সর্বত্র ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ওইদিন ব্রিগেড ময়দানে রাজ্যের নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অনেক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত, কলকাতায় ওইদিনের জন্য কোনো ‘কমলা’ সতর্কতা দেয়নি। পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে আপাতত শনিবারের জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ‘হলুদ’ সতর্কতা থাকছে। এছাড়া অন্যত্র সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে শপথগ্রহণ অনুষ্ঠানটি হবে সকাল ১০টায়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বুধবার জানান, কলকাতায় ৯ মে বৃষ্টি হতে পারে, সেদিন ঝড়ের সম্ভাবনা আপাতত কম। তবে সবটা দুপুরের পর হওয়ার সম্ভাবনাই বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হচ্ছে। বুধবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে বুধবার পর্যন্ত, এই দুদিনের জন্য ‘কমলা’ সতর্কবার্তা দেওয়া হয়নি।



