Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টের ফতাইপুরে ডাউস বিলে দেখা নেই পরিযায়ীদের

তেহট্টের ফতাইপুরে ডাউস বিলে দেখা নেই পরিযায়ীদের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: শীত পড়লেও ফতাইপুরের ডাউস বিলে পরিযায়ী পাখির দেখা নেই। গত বেশ কয়েক বছর ধরে এই বিলে বিভিন্ন পরিযায়ী পাখি আসছিল। এবার পাখি না আসায় চিন্তিত পরিবেশপ্রেমীরা। জানা গিয়েছে, এই বিলটি বহু পুরনো। বহু মানুষ মাছ চাষ করেন। গত কয়েক বছর ধরে পরিযায়ীরা বিলে ভিড় করত। সকাল, বিকেল পাখি দেখতে বহু মানুষ ভিড় জমাতেন। পাখিদের যাতে কেউ বিরক্ত না করে সেজন্য পাহারা দিতেন বাসিন্দারা। তবে এবছর পাখি আসেনি। হতাশ এলাকার বাসিন্দারা বলেন, কেউ যাতে পাখি শিকার না করে তারজন্য আমরা পাহারা দিতাম। অনেক চোরাশিকারীকে আমরা তাড়িয়েছি। মাছ দ্রুত বড় করার জন্য বিলের জলে রাসায়নিক দেওয়া হচ্ছে। সেইসঙ্গে বিলের চারদিকে কৃষিজমি আছে। সেখানেও কীটনাশক দেওয়া হয়। সেইসব খেয়ে অনেক পাখি মারা গিয়েছে। সেকারণে হয়তো এবার পাখি আসেনি। পরিবেশপ্রেমী প্রমিত ভট্টাচার্য বলেন, পাখি শিকার বেড়ে গিয়েছে। পরিযায়ী পাখিরা যেখানে আসে তা তাদের পক্ষে অনুকূল না হলে তারা জায়গা পরিবর্তন করতে পারে। তাছাড়া বিলের জলে রাসায়নিক দিলে পাখিরা আর আসে না। এক্ষেত্রে দ্বিতীয় কারণের জন্য আসেনি বলে আমাদের অনুমান। বনদপ্তরের তেহট্ট মহকুমা আধিকারিক সুদিন দাস বলেন, পরিযায়ী পাখিরা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে, সেজন্য আমরা বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ