Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টের বাজারে অমিল জলঙ্গির স্বাদু মাছ, দূষণের যুক্তি দিচ্ছেন মৎস্যজীবীরা

তেহট্টের বাজারে অমিল জলঙ্গির স্বাদু মাছ, দূষণের যুক্তি দিচ্ছেন মৎস্যজীবীরা
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বাজারে অমিল নদীর মাছ। এদিকে সাধারণ মানুষ তাঁদের পাতে পুকুর বা সমুদ্রের মাছ সেভাবে পছন্দ করছেন না। নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়ায় জল দূষনের যুক্তি দিচ্ছেন মৎস্যজীবীরা। একই কথা বলছে মৎস্যবিভাগও। তেহট্ট-১ ব্লকের তথা মহকুমার প্রধান নদী বলতে জলঙ্গি। আর এই নদীকে কেন্দ্র করেই সারাবছর জীবিকা নির্বাহ করেন প্রচুর মৎস্যজীবী। এই ব্লকের তেহট্ট, নিশ্চিন্তপুর, তারা নগর, ইসলামপুর, চাঁদেরঘাট, শোলুয়া সহ বেশ কিছু জায়গায় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেন। কিন্তু নদীতে মাছ অমিল হওয়ায় আর্থিক উপার্জন নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। 
Advertisement
মৎস্যজীবী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণত নদীর জল কমার পরই নদী থেকে বাটা, পোনা, কাতলা, রুই, জিওল, ল্যাটা সহ অনান্য কিছু মাছ পাওয়া যেত। গতবারেও এই সময় অধিকাংশ মাছ পাওয়া গিয়েছিল বলে দাবি মৎস্যজীবীদের। এবারে সেই সব মাছের আকাল দেখা দিয়েছে। তেহট্টের বিভিন্ন জায়গায় রয়েছে মাছ বাজার। সেই সব বাজারে বিক্রিত মাছের মধ্যে বেশিরভাগটাই সামুদ্রিক। তার মধ্যে রয়েছে পমফ্রেট, ইলিশ, পাবদা। আছে পুকুরের রুই, কাতলা, চিংড়ি, জিওল। তবে নদীর বাটা, পোনা বা সুস্বাদু রুই, কাতলার দেখা নেই বাজারে। 
মৎস্যজীবীরা জানিয়েছেন, এবছর প্রচুর মাছ মরে ভেসে উঠেছিল। তার কারণ হিসেবে মৎস্যজীবীরা বলেন, সেই সময় মুর্শিদাবাদের নোংরা সুতির খালের জল জলঙ্গিতে মিশে জলের রং পাল্টে গিয়েছিল। তাছাড়া অতিরিক্ত পাটের জাক দেওয়া হয় নদীতে। সবমিলিয়ে জলঙ্গির জল এতটাই দূষিত হয় যে, মাছের বাঁচার অনুকূল পরিস্থিতি ছিল না। এরপরেও কিছু অসাধু ব্যক্তি জলে কীটনাশক দিয়ে মাছ ধরেছে। সুবল হালদার বলেন, মাস খানেক আগে যে পরিমাণ মাছ নদী থেকে পাওয়া গিয়েছে, তা সব বিক্রি করে কুল পাওয়া যেত না। বাজারের ক্রেতা বুদ্ধদেব মণ্ডল, শ্যামল বিশ্বাস বলেন, নদীর মাছের আলাদা স্বাদ, কতদিন আর পুকুরের মাছ চলবে।‌ তাই বাজারে গেলে মন মতো নদীর মাছ না পেলে ওই আনাজ নিয়েই বাড়ি ফিরতে হয়। তেহট্ট–১ ও ২ মৎস্য বিভাগের আধিকারিক মিঠুন মণ্ডল বলেন, জল দূষণ নদীতে মাছ কমে যাওয়ার কারণ তো বটেই। তবে খালবিলের যোগাযোগ সমস্যায় মাছের ঘাটতি দেখা যেতে পারে।
সম্পর্কিত সংবাদ