Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে স্কুল ভবনের শিলান্যাস হলেও ৮ বছরে একটি ইট গাঁথা হয়নি, ক্ষোভ

তেহট্টে স্কুল ভবনের শিলান্যাস হলেও ৮ বছরে একটি ইট গাঁথা হয়নি, ক্ষোভ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট : ২০১৬ সালের ১ মার্চ স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান  মানিক ভট্টাচার্য। তারপর কেটে গিয়েছে সাত বছর। তেহট্ট থানার বালিউড়া পশ্চিমপাড়ায় এখনও একটাও ইট গাঁথা হয়নি। চালু হয়নি স্কুল। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছ, তেহট্ট থানা হলেও পাথরঘাটা-২ গ্রাম পঞ্চায়েত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। পাথরঘাটা-২ পঞ্চায়েতের মধ্যে বালিউড়া একটি গ্রাম। পাথরঘাটা-১, ২ ও চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতের একটা অংশে আলাদাভাবে কোনও বালিকা বিদ্যালয় নেই। এলাকার বাসিন্দাদের দাবি ছিল, এলাকায় একটি বালিকা বিদ্যালয় নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিতে ২০১৬ সালে বালিউড়া পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীর ধারে জুনিয়ার গার্লস স্কুলের জন্য একটি জায়গা চিহ্নিত করা হয়। সেই জায়গায় ওই বছর মার্চ মাসের ১ তারিখে স্কুল ভবন ও স্কুলের সূচনা করেন মানিক ভট্টাচার্য। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১৬ সালে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের তাপস সাহা। তিনিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। তারপরে ২০২১ সালে পলাশীপাড়া কেন্দ্রের বিধায়ক হন মানিক ভট্টাচার্য। তখন এলাকার মানুষ ভেবেছিলেন এবার স্কুল তৈরি হবে। কিন্তু ভাবনাই সার। এখনও পর্যন্ত স্কুল হয়নি। এলাকার বাসিন্দা ইদ্রিস শেখ বলেন, আমরা অনেক আশা করেছিলাম যে বালিকা বিদ্যালয় হবে। সেই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। সেই সঙ্গে গার্লস স্কুলে পঠনপাঠন শুরু হবে। কিন্তু আট বছর হয়ে গেলেও কিছুই হয়নি। শুধু প্রতিশ্রুতি সার। এই বিষয়ে সিপিএমের তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। তৃণমূল সরকার শুধু প্রতিশ্রুতি দেয়। এই সরকার শুধু শিলান্যাস করে, কোনও কাজ হয় না। শিক্ষা নিয়ে এই সরকারের কোনও হেলদোল নেই। এই বিষয়ে তেহট্ট-১ ব্লকের তৃণমূলের সভাপতি সুকুমার মণ্ডল বলেন, আমাদের সরকার প্রতিশ্রুতি দিলে সেটা রাখে। এই স্কুলও তৈরি হবে। আমি বিষয়টি নিয়ে যথাস্থানে জানাব।  
সম্পর্কিত সংবাদ