সংবাদদাতা, তেহট্ট: তেহট্টে জলঙ্গি নদীর তীরে শ্মশানের নদীর ঘাট অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শ্মশানযাত্রীরা। আগে তেহট্টে কোনও স্থায়ী শ্মশান ছিল না। জলঙ্গি নদীর তীরেই শবদাহ করা হতো। তারপর তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্মশান সংস্কার করা হয়। সেখানে সংসদ সদস্য মহুয়া মৈত্রের উদ্যোগে তৈরি হয়েছে বৈদ্যুতিক চুল্লি। এখন তাতেই শবদাহ করা হয়। কিন্তু, শ্মশানের নদীর ঘাট ভালো না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে শ্মশান যাত্রীদের। জানা গিয়েছে, শ্মশানে মৃতদেহ স্নান করানো বা অস্থি ভাসাতে নদীঘাটে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে শ্মশানযাত্রীদের। ঘাটে নামার জন্য মাটি কেটে সিঁড়ির মতো করা হয়েছে।



