সংবাদদাতা, তেহট্ট: পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার তেহট্টে শুরু হল নদীয়া জেলা সবলা মেলা। তেহট্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার ওই মেলার সূচনা করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ বিধায়ক ও আধিকারিকরা। এই মেলা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টোর সময় মেলা শুরু হবে। রাত ৯টা পর্যন্ত তা খোলা থাকবে। সন্ধ্যায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগে এই মেলা শুধুমাত্র কৃষ্ণনগরের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে এই মেলা অনুষ্ঠিত হবে। বিভিন্ন এলাকার ৩৫টি স্বনির্ভর গোষ্ঠী তাদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়েছেন। এর মধ্যে রয়েছে পিঠেপুলি, কাপড়, পাট দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, আচার, বাঁশের তৈরি বিভিন্ন জিনিস সহ নানা দোকান। মেলায় প্রবেশ করতে কোনও টাকা লাগবে না। এদিন মহুয়া সহ সমস্ত আধিকারিক মেলার স্টল ঘুরে দেখেন। স্টলে গিয়ে পিঠেপুলি খান সাংসদ সহ অন্যান্যরা। মেলার উদ্বোধন করে মহুয়া বলেন, আমাদের সরকার আসার পর স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা অনেক বেড়েছে।



