সংবাদদাতা, তেহট্ট: রাস্তার পাশের গাছ চুরির নয়া কৌশল আবিষ্কার করেছে দুষ্কৃতীরা। গাছের গোড়ায় রেখে দেওয়া হচ্ছে ফসলের অবশিষ্ট অংশ। তারপর সুযোগ বুঝে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আগুনের তাপে বড় গাছগুলি মরে যাচ্ছে। এরপর সেই গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এভাবে গাছ চুরি আটকাতে বনদপ্তর কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। তেহট্ট ঘাট–দেবগ্রাম রাজ্য সড়কে এই দৃশ্য হামেশাই দেখা যায়। তেহট্ট ঘাট–দেবগ্রাম রাজ্য সড়কের দু’পাশে প্রচুর মূল্যবান বড় গাছ রয়েছে। সেই গাছের দিকেই নজর দুষ্কৃতীদের। রাস্তার দু’পাশে চাষের জমি রয়েছে। সেই চাষের জমিতে রাইসর্ষে ছিল। চাষিরা মাঠেই ফসল ঝেড়ে বাড়ি নিয়ে যায়। মাঠে পড়ে থাকে ফসলের অবশিষ্ট অংশ। চোরাকারবারিরা রাতের অন্ধকারে তা নিয়ে গিয়ে বড় গাছগুলির গোড়ায় রেখে আগুন লাগাচ্ছে।
Advertisement
পরিবেশ কর্মীদের দাবি, কয়েক বছর ধরে গোড়ায় আগুন লাগিয়ে গাছ মেরে ফেলার প্রবণতা অনেক বেড়েছে। এবার এই কৌশল নতুন। কেউ কিছু বুঝতে পারছে না। অবিলম্বে বনদপ্তরের ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়টি নিয়ে তেহট্ট মহকুমা বনদপ্তরের রেঞ্জ অফিসার সুদিন দাস বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



