সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট শহরে নেই কোনও একান্তে বসে গল্প করার পার্ক। শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে বিভিন্ন রেস্তোরাঁই ভরসা ছিল প্রেমিক-প্রেমিকাদের। তাই তেহট্টে একটা ভালো পার্ক তৈরির আবেদন জানাচ্ছেন যুবক-যুবতীরা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট মহকুমা শহর হলেও নেই কোনও ভালো পার্ক। যেখানে বসে ভালোবাসা দিবসে বা বছরের অন্য সময় কপোত-কপোতীরা সময় কাটাতে পারেন। এলাকায় তেহট্ট হাইস্কুলের সামনে যে পার্ক আছে সেটা শুধু মাত্র শিশুদের জন্য। সেই পার্কে নেই কোনও ফুলের গাছ। সাজানো হয়নি পার্ক। ফলে সেখানে বসে দু’দণ্ড গল্প করা যায় না। এদিন প্রেম দিবসে মনের মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য রেস্তোরাঁ বেছে নিয়েছেন প্রেমিক-প্রেমিকারা। তাঁরা বলেন, তেহট্ট মহকুমা শহর হলেও নেই কোনও ভালো পার্ক।



