সংবাদদাতা, তেহট্ট: সোমবার তেহট্ট থানার চাঁদেরঘাটে জলঙ্গী নদীতে কালীপুজোর নৌকা বাইচের সময় এক যুবক জলে পড়ে যায়। প্রায় আধঘণ্টা তল্লাশির পর বিপর্যয় মোকাবিলা দল তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মুক্তেশ মণ্ডলের(২৫) বাড়ি চাঁদেরঘাটেই।
পুলিস জানিয়েছে, এদিন চাঁদেরঘাটে ঐতিহ্য মেনে নৌকায় প্রতিমা নদীতে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হচ্ছিল। মুক্তেশ একটি প্রতিমার নৌকায় ছিলেন। কোনওভাবে তিনি নদীতে পড়ে তলিয়ে যান। বিপর্যয় মোকাবিলা দল আগে থেকেই সেখানে ছিল। তারা সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করে। কিন্তু প্রায় আধঘণ্টা পর ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়। তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



