Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে ১মাসেও নিকাশিনালার কাজ শেষ না হওয়ায় বিক্ষোভ

তেহট্টে ১মাসেও নিকাশিনালার কাজ শেষ না হওয়ায় বিক্ষোভ
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: একমাসেও ১০২মিটার নিকাশিনালার কাজ শেষ হল না। শুক্রবার তেহট্টের কৃষ্ণরায় মন্দির পাড়ার বাসিন্দারা এনিয়ে ঠিকাদারের সামনে বিক্ষোভ দেখালেন। তাঁদের দাবি, নিকাশিনালার কাজ শিডিউল মেনে হচ্ছে না। সেইসঙ্গে নালার কাজ চলায় একমাস ধরে কৃষ্ণরায় মন্দির থেকে জিতপুর মোড় ও হাসপাতালের রাস্তায় যাতায়াত প্রায় বন্ধ। আর কতদিন গুরুত্বপূর্ণ রাস্তা আটকে এইটুকু নিকাশিনালার কাজ হবে-এই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।
Advertisement
৬ ডিসেম্বর কৃষ্ণরায় মন্দিরের কাছ থেকে ত্রিপুরাপাড়া পর্যন্ত ১০২ মিটার নিকাশিনালা তৈরির কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে রাস্তার উপর মাটি ফেলা হয়। সেই মাটি এখনও পর্যন্ত সরানো হয়নি। ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পথচারীরা এখান দিয়ে যেতে গেলে দুর্ঘটনার কবলে পড়ছেন। গত কয়েকদিনে বেশ কয়েকজন দুর্ঘটনায় জখম হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিডিউল মেনে নিকাশিনালার কাজ হচ্ছে না। এদিন ঠিকাদার কাজ করতে এলে স্থানীয়রা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, শিডিউল মেনে তাড়াতাড়ি কাজ করে রাস্তা থেকে মাটি তুলে ফেলতে হবে। স্থানীয়রা এদিন কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকমল বিশ্বাস ওই এলাকায় পৌঁছন। তাঁর আশ্বাসে ফের কাজ শুরু হয়। 
সুকমলবাবু বলেন, আমি ঠিকাদারকে ঠিকমতো কাজ করতে বলেছি। সেইসঙ্গে রাস্তা থেকে মাটি সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলাচলের যোগ্য করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ