সংবাদদাতা, তেহট্ট: অবশেষে জলঙ্গি নদীর পাড় থেকে আবর্জনা পরিষ্কার শুরু করল ব্লক প্রশাসন। নদীর পাড়ে ও জলে প্রচুর নোংরা ফেলা হচ্ছিল। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্লক প্রশাসন পরিষ্কার করার কাজ শুরু করল। এই খবরে খুশি এলাকার বাসিন্দা ও পরিবেশকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট-১ ব্লক অফিসের পিছনের দিক দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি। একসময় প্রশাসনের উদ্যোগেই তেহট্টের ঐতিহ্যবাহী হাট ব্লক অফিসের পিছনে কর্মতীর্থের পাশে স্থানান্তরিত করা হয়েছিল। হাটের আবর্জনা ফেলার জন্য ব্লক প্রশাসন নদীর ধারে ভ্যাট করেছিল। অভিযোগ, সেই ভ্যাট আবর্জনায় ভর্তি। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকে ভ্যাটের কাছে আবর্জনা ফেলে যাচ্ছেন। নদীর পাড়ে প্রচুর আবর্জনা । নদী কার্যত আবর্জনা ফেলার জায়গায় পরিণত হচ্ছে। প্রশ্ন ওঠায় নদীর পাড় পরিষ্কার শুরু করল প্রশাসন। পরিবেশ কর্মীদের দাবি, শুধু পাড় পরিষ্কার করলে সমাধান হবে না। নোংরা ফেললেই কড়া ব্যবস্থা নিতে হবে।



