সংবাদদাতা, তেহট্ট: শুক্রবার দুপুরে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুর এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সুমন্ত বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোনার গয়না ও নগদ মিলিয়ে প্রায় আট লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। দুপুরে বাড়ির সকলে খাওয়া দাওয়া করে বাড়ির ছাদে রোদে বসেছিলেন। সুমন্তবাবু পড়াতে গিয়েছিলেন। সুমন্তবাবুর মা নীচে অন্য দিকে কাজ করছিলেন। সেই সুযোগে চোর বাড়িতে ঢুকে দুই ঘর থেকে সোনা, নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। অনেক পরে ছাদ থেকে নীচে নেমে পরিবারের লোকজন এই ঘটনার কথা জানতে পারেন। সুমন্তবাবু বলেন, আমি পড়িয়ে এসে দেখি বাড়ির সামনে অনেক লোকজন। তাঁদের মুখে চুরির কথা জানতে পারি। পেঁয়াজ, রসুন বিক্রির টাকা সহ আরও বেশ কিছু টাকা জমানো ছিল। এছাড়া দুই ঘরে বক্সখাটে সোনার গয়না ছিল। দুষ্কৃতীরা সব নিয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রায় আট লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।



