সংবাদদাতা, তেহট্ট: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল বুথ সভাপতির। তাঁর নাম বিজয় মণ্ডল(৫৭)। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টে। তিনি তেহট্টের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর ২৩১ নম্বর বুথের সভাপতি ছিলেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তেহট্টে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছিলেন বিজয়বাবু। বাড়ি ফেরার সময় একটি টোটোর সঙ্গে তাঁর স্কুটির ধাক্কা লাগে। তিনি স্কুটি থেকে ছিটকে পড়ে যান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় টোটোতে থাকা দুজন যাত্রীও জখম হন।



