Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে ডিজের তাণ্ডব রুখতে কঠোর পুলিস, মাইক ব্যবসায়ীদের সতর্কবার্তা

তেহট্টে ডিজের তাণ্ডব রুখতে কঠোর পুলিস, মাইক ব্যবসায়ীদের সতর্কবার্তা
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: পিকনিকের মরশুমে শব্দ দানবের দাপাদাপি বন্ধ করতে উদ্যোগী হল পুলিস প্রশাসন। প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিজে বাজিয়ে পিকনিক পার্টির শব্দতাণ্ডব। এই শব্দ দানবের দাপাদাপিতে নাজেহাল হতে হয় অসুস্থ রোগী, বয়স্ক ও ছাত্রছাত্রীদের। সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে শব্দ দানব নিয়ন্ত্রণের জন্য তেহট্ট থানা এলাকার মাইক ব্যবসায়ী সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে  কথা বলে  তেহট্ট  থানার পুলিস। যাতে কোনও ভাবে ৬০ ডেসিবেলের বেশি শব্দ না হয়, সঙ্গে ডিজে না বাজে সেই বিষয়ে সতর্ক করেছে পুলিস। কেউ যদি এই নির্দেশ অমান্য করেন, তবে তাঁদের বিরুদ্ধে পুলিস আইনি ব্যবস্থা গ্রহণ করবে।  এলাকার মাইক ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা প্রশাসনের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু অনেক সময়েই অনুষ্ঠানের আয়োজক ও কর্মকর্তারা জোরপূর্বক নির্দিষ্ট মাত্রা ও সময়ের বাইরে মাইক বাজাতে বাধ্য করে। তার ফলে পুলিস অনেক সময়ে আমাদের মাইক বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। তাতে তাঁদের মতো সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়।  এই বিষয়টাও দেখার জন্য পুলিসের  কাছে তাঁরা আবেদন জানিয়েছেন। অনেক সময়ে অনিচ্ছা সত্ত্বেও ক্লাব বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা বা সদস্যদের জোরাজুরিতে মাইকের অপারেটরকে জোরে বাজাতে হয়। যার ফল ভোগ করতে হয় মাইক ব্যবসায়ীদের। তাঁদের দিকটাও ভেবে দেখার জন্য পুলিসের দৃষ্টি আকর্ষণ করেছেন মাইক ব্যবসায়ীরা।  পুলিস সুত্রে জানা গিয়েছে, মাইক ব্যবসায়ীদের সমস্যা গুরুত্ব সহকারে দেখা হবে। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে মাইক ব্যবসায়ীদের থানার ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এবং সরকারি বিধিনিষেধ মেনে তাদের মাইক বাজাতে বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ