Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে বাতিলের দু’মাসের মধ্যেই মৃতার রেশনকার্ড ডিলারের স্ত্রীর নামে, শোরগোল

তেহট্টে বাতিলের দু’মাসের মধ্যেই মৃতার রেশনকার্ড ডিলারের স্ত্রীর নামে, শোরগোল
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট : মা মারা গিয়েছেন জুলাই মাসের ২২ তারিখে। অন্ত্যোদয় রেশন কার্ড বাতিল করার জন্য জমা দেওয়া হয়েছিল ২৬ তারিখ। প্রায় দু’মাস পর সেই আই ডি নম্বরে দেখা যায় ডিলারের স্ত্রীর নাম। নতুন কার্ডও হয়ে যায় ওই নম্বরে। তিনমাস ধরে রেশন সামগ্রীও তুলছেন ওই মহিলা। এমন অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন তেহট্টের ফতাইপুর গ্রামের রহমান মণ্ডল। তিনি বিষয়টি লিখিতভাবে মহকুমা খাদ্য নিয়ামক, মহকুমা শাসক সহ সব জায়গায় জানিয়েছেন। খাদ্যদপ্তর তদন্তের আশ্বাস দিয়েছে। রহমানের অভিযোগ, তাঁর মা আনোয়ারা বেওয়া জুলাই মাসের ২২ তারিখ মারা যান। ওই মাসের ২৬ তারিখ অন্ত্যোদয় রেশন কার্ড বাতিল করার জন্য তেহট্ট-১ ব্লকের খাদ্যদপ্তরে জমা দেন। সেই মতো কার্ড বাতিল করে খাদ্যদপ্তর। কিন্তু মাস দুয়েক পর দেখা যায়, ওই কার্ডের নম্বর বদল হয়ে এলাকার রেশন ডিলার অসিত কুমার বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস ভৌমিকের নামে হয়ে যায়। কার্ডে দেখানো হচ্ছে আনোয়ারার মেয়ে সোমা বিশ্বাস ভৌমিক। ঘটনাটি নজরে আসতেই লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় জানান রহমান। তিনি বলেন, এটা কি করে সম্ভব হয়, বুঝতে পারছি না। এর পিছনে কারা জড়িত, তা খুঁজে বার করা উচিত। যারা এই কান্ডে জড়িত তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। 
Advertisement
খাদ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, অন্ত্যোদয় কার্ড বাতিল হলে তা অন্য জনকে দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী। তবে, একজন রেশন ডিলারের স্ত্রী এই অন্ত্যোদয় কার্ড পাওয়ার যোগ্য নন। তাছাড়া অন্যজনের নামে এই কার্ড হলেও তা দু’মাসের মধ্যে হওয়ার কথা নয়। কীভাবে হল, তা সন্দেহের বিষয়। বিষয়টি নিয়ে  রেশন ডিলার অসিত কুমার বিশ্বাস কোন কথা বলতে চান নি।  
সম্পর্কিত সংবাদ