Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে বন্ধ ঘর থেকে অচৈতন্য মা-ছেলে উদ্ধার, পরে ছেলের মৃত্যু

তেহট্টে বন্ধ ঘর থেকে অচৈতন্য মা-ছেলে উদ্ধার, পরে ছেলের মৃত্যু
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বন্ধ ঘর থেকে মা-ছেলেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিস। সোমবার রাতে তেহট্টের হাইস্কুলপাড়ায় এঘটনা ঘটে। তাঁদের সঙ্গে সঙ্গে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাপস সরকারকে(৫০) মৃত বলে ঘোষণা করেন। তাঁর মা আরতি দেবী হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
পুলিস জানিয়েছে, তাপসবাবু মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে তেহট্টের হাইস্কুলপাড়ায় ভাড়া থাকতেন। তাঁর পরিবারে মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে। দু’দিন আগেই তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে সাহেবনগরে নিজের বাপের বাড়ি চলে যান। ভাড়াবাড়িতে তাপসবাবু ও তাঁর মা ছিলেন।  তাপসবাবুকে সেদিনের পর আর দেখেননি পড়শিরা। ব্যাগ ব্যবসায়ী তাপসবাবু নিজে ক্যানসার আক্রান্ত ছিলেন। তাঁর মা প্যারালাইসিসের কারণে শয্যাশায়ী ছিলেন। দু’দিন ধরে পাড়ার কেউ তাপসবাবুদের না দেখতে পেয়ে সোমবার রাতে পুলিসকে খবর দেয়। তেহট্ট থানার পুলিস গিয়ে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করলেও তাপসবাবুকে বাঁচানো যায়নি। পুলিস ওই ঘর সিল করে দিয়েছে। বাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। খবর পেয়ে তাপসবাবুর স্ত্রী বাপের বাড়ি থেকে হাসপাতালে আসেন। কিন্তু তিনি এবিষয়ে কিছু বলতে চাননি। হাসপাতাল থেকে তিনি ফের বাপের বাড়ি ফিরে যান। পুলিস জানিয়েছে, কীভাবে তাপসবাবুর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। 
সম্পর্কিত সংবাদ