Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্ট-১ ব্লকে জমি রেজিস্ট্রি অফিস না থাকায় সমস্যা

তেহট্ট-১ ব্লকে জমি রেজিস্ট্রি অফিস না থাকায় সমস্যা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকে সমস্ত সরকারি দপ্তর থাকলেও জমি রেজিস্ট্রি অফিস নেই। সেকারণে এই এলাকায় জমি কেনার পর তা রেজিস্ট্রি করাতে অনেকটা দূরে যেতে হয়। অনেকসময় এতে ক্রেতাদের নানা সমস্যায় পড়তে হয়। সেকারণে এখানে রেজিস্ট্রি অফিস চালুর দাবি উঠেছে। তেহট্ট আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফে এবিষয়ে বিধায়কের কাছে আবেদন জানানো হয়েছে।
Advertisement
একসময় তেহট্ট-১ ব্লকে রেজিস্ট্রি অফিস তৈরির কথা হয়েছিল। কিন্তু নানা সমস্যার কারণে সেটি তেহট্ট-২ ব্লকের পলাশীপাড়ায় তৈরি করা হয়। সেই এলাকা তখন অবশ্য তেহট্ট থানারই অন্তর্গত ছিল। এখন পলাশীপাড়া পৃথক থানা। কিন্তু এখনও তেহট্টের মানুষকে বেশ কয়েক কিমি দূরে পলাশীপাড়ায় জমি রেজিস্ট্রি করতে যেতে হয়। তেহট্টের বাসিন্দা তাপস কর্মকার, তোতাই সরকার, অনিল মণ্ডলরা জানালেন, তেহট্টে জমি  কিনতে চাইলেও সেই জমি রেজিস্ট্রি করাতে অন্যত্র যেতে হয়। অনেকসময় জমি বিক্রেতারা অত দূরে যেতে না চেয়ে টালবাহানা করেন। এতে খুবই অসুবিধা হয়।
তেহট্ট মহকুমা আদালতের আইনজীবীরা জানিয়েছেন, এমনিতেই এই আদালতে স্ট্যাম্প পেপারের ভেন্ডার সমস্যা রয়েছে। তাঁদের অভাবে স্ট্যাম্প পেপার পেতে গ্রাহকদের নাকাল হতে হয়। স্ট্যাম্প পেপার সংগ্রহে অনেকসময় তাঁদের পলাশীপাড়ায় জমি রেজিস্ট্রি অফিসেও যেতে হয়। তেহট্টে রেজিস্ট্রি অফিস থাকলে আপাতত জমি-সংক্রান্ত কাজের সুবিধার পাশাপাশি স্ট্যাম্প পেপারের জন্য গ্রাহকদের পলাশীপাড়ায় যেতে হবে না। তেহট্ট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জুলফিকার আলি খান বলেন, তেহট্টেও  জমি রেজিস্ট্রি অফিস দরকার। এটা হলে মানুষের সমস্যার সমাধান হবে। ওই অফিস তৈরির জায়গাও রয়েছে। বিষয়টি বিধায়ককে জানানো হয়েছে। তেহট্টের বিধায়ক তাপস সাহা বলেন, এবিষয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বেশ কিছু বিভাগে লিখিত আবেদন জানাব। যাতে এই অফিস আমাদের এলাকায় তৈরি করা সম্ভব হয়।
সম্পর্কিত সংবাদ